রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি করছে বাংলাদেশের প্রাণিসম্পদ খাত

আবহমান বাংলার গ্রামীণ অর্থনীতি, সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে প্রাণিসম্পদ খাতের সম্পর্ক নিবিড়। কৃষিনির্ভর বাংলাদেশের মানুষের পারিবারিক পুষ্টি ও জীবিকার অন্যতম উৎস গবাদিপশু এবং হাঁস-মুরগি পালন। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও জাতীয় অর্থনীতিকে গতিশীল রাখতেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সময়ের পরিবর্তনে প্রাণিসম্পদ খাত এখন আর শুধু দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ নেই; আন্তর্জাতিক বাজারে রপ্তানি আয়ের নতুন সম্ভাবনাও তৈরি করছে। যথাযথ পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ ও কার্যকর বাজার ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠতে পারে এ খাত।
বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের সাম্প্রতিক অগ্রগতি আশাব্যঞ্জক। ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে ১৬ দশমিক ৫৬ শতাংশ। এ খাতে জিডিপির প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। দেশের প্রায় ২০ শতাংশ মানুষ প্রত্যক্ষভাবে এবং প্রায় ৫০ শতাংশ মানুষ পরোক্ষভাবে এ খাতের ওপর নির্ভরশীল। এ ছাড়া মোট পরিবারের ৪৩ দশমিক ৬৪ শতাংশ কোনো না কোনোভাবে প্রাণিসম্পদ ও পোল্ট্রি পালনের সঙ্গে সম্পৃক্ত। এসব পরিসংখ্যান জাতীয় অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে এ খাতের গুরুত্ব তুলে ধরে।
প্রাণিসম্পদ খাতে উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের তথ্য অনুযায়ী, দেশে দুধ উৎপাদিত হয়েছে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন, মাংস ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন এবং ডিম ২ হাজার ৫০৯ কোটি ৪১ লাখ। উৎপাদনের এ পরিমাণ দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সক্ষমতা তৈরির ভিত্তিও গড়ে তুলছে।
আন্তর্জাতিক পর্যায়েও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশের অবস্থান উল্লেখযোগ্য। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্ল্যাক বেঙ্গল ছাগল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ, ছাগলের মাংস উৎপাদনে পঞ্চম এবং এশিয়ায় ডিম উৎপাদনে ১৪তম। এ ছাড়া প্রাণী ও প্রাণিজাত মোট ১৬টি পণ্য আন্তর্জাতিক বাণিজ্যে ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পেয়েছে। এসব অর্জন প্রমাণ করে, প্রাণিসম্পদ উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা রয়েছে। এখন প্রয়োজন সেই সক্ষমতাকে আন্তর্জাতিক বাণিজ্যের উপযোগী করে তোলা।
প্রাণিসম্পদ খাতের সম্ভাবনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রপ্তানি আয়ের সাম্প্রতিক প্রবৃদ্ধি। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছয় মাসে প্রাণিজাত পণ্য ও উপজাত রপ্তানি করে আয় হয়েছে ৩২ দশমিক ৯৮ লাখ মার্কিন ডলার। পরবর্তী ছয় মাস, অর্থাৎ ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত এ আয় বেড়ে দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৬৩ লাখ মার্কিন ডলারে। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগের ছয় মাসের তুলনায় এ আয় প্রায় ২১৭ শতাংশ বেশি।
রপ্তানি আয়ের এ প্রবৃদ্ধি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রাণিসম্পদজাত পণ্যের চাহিদা ও সম্ভাবনার ইতিবাচক ইঙ্গিত দেয়। তবে এ প্রবৃদ্ধি ধরে রাখতে পণ্যের মান, উৎপাদনব্যবস্থা ও বাজার সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।
ইতোমধ্যে বাংলাদেশ থেকে মালদ্বীপ, কানাডা, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, নাইজেরিয়া, ভিয়েতনাম, চীন, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মিসর, কুয়েত, পাকিস্তান, থাইল্যান্ড, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, হংকং ও নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রাণিজ পণ্য রপ্তানি হচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে মাংস ও মাংসজাত পণ্য, দুধ ও দুগ্ধজাত পণ্য, দধি, রসমালাই, মিষ্টি, বুল স্টিক, জিলেটিন, হাঁসের পালক, গরুর লেজের লোম, কবুতর, ওম্যাজাম, মোগলাই পরোটা, গরু ও মহিষের শিং, টুকরা চামড়া এবং ভেটেরিনারি মেডিসিন সাপ্লিমেন্ট।
সম্প্রতি রপ্তানির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম। ২০২৬ সালের ২৮ জুন কাজী ফার্মস লিমিটেড প্রথমবারের মতো নাইজেরিয়ায় ১০ হাজার ৪৪০টি ‘রস ৩০৮’ ব্রয়লার প্যারেন্ট হ্যাচিং এগ রপ্তানি করে। চালানটির মূল্য ছিল প্রায় ১৯ হাজার মার্কিন ডলার। এটি শুধু একটি বাণিজ্যিক সাফল্য নয়, বরং বাংলাদেশের পোল্ট্রি খাতের উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সম্ভাবনার গুরুত্বপূর্ণ স্বীকৃতি। মন্ত্রণালয়ের নেওয়া ২০৩০ সালের মধ্যে পোল্ট্রি খাতকে রপ্তানিমুখী করার লক্ষ্য বাস্তবায়নেও এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখতে পারে।
বিশ্ববাজারে প্রাণিজ পণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় হালাল মাংস, প্রক্রিয়াজাত খাদ্য, ডিম, দুগ্ধজাত পণ্য এবং চামড়াজাত উপকরণের বড় বাজার রয়েছে। বাংলাদেশের জন্য এসব বাজার অত্যন্ত সম্ভাবনাময়। কারণ, দেশে রয়েছে বিপুল প্রাণিসম্পদ, উদ্যোক্তা ও খামারি, তুলনামূলক কম উৎপাদন ব্যয় এবং প্রাণিজ খাদ্য উৎপাদনের দীর্ঘ অভিজ্ঞতা। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী দুগ্ধজাত মিষ্টি, দধি ও অন্যান্য প্রক্রিয়াজাত পণ্য আন্তর্জাতিক বাজারে স্বতন্ত্র পরিচিতি অর্জন করতে পারে।
বাংলাদেশে এখন পর্যন্ত ১১টি মিষ্টি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। এসব পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে গুণগত মান, প্যাকেজিং, সংরক্ষণ ও বাজারজাতকরণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা জরুরি।
এ বাস্তবতা সামনে রেখে ২০২৬ সালের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। ২৬ থেকে ২৮ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে এ সপ্তাহ পালিত হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি।
এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ জাতীয় প্রাণিসম্পদ পদক। খামারি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে গবাদিপশুর খামার, পোল্ট্রি, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, প্রাণীখাদ্য, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, গণমাধ্যম, সমাজভিত্তিক সংগঠন এবং প্রাণীকল্যাণসহ মোট নয়টি ক্যাটাগরিতে এ পদক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের স্বীকৃতি খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি খাতটির আধুনিকায়নেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মানবসম্পদ ও অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এ পর্যন্ত ৫ হাজার ৪৪৯ জন কর্মকর্তা-কর্মচারী এবং ৩ লাখ ৭৭ হাজার ৫৭৮ জন প্রান্তিক খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তালিকাভুক্ত করা হয়েছে ১৬ হাজার ৮৩৮ জন সফল উদ্যোক্তাকে। এ ছাড়া সারা দেশে ৮৭ হাজার ৫৩৬টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, গবাদিপশুর কৃত্রিম প্রজনন সম্প্রসারণ, রোগ প্রতিরোধে ১৭টি রোগের বিপরীতে ৩৪ কোটি ডোজ টিকা উৎপাদন এবং প্রাণী চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে এ খাতের সক্ষমতা ও সম্ভাবনা বাড়ছে।
তবে বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা উজ্জ্বল হলেও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, প্রাণীর সংক্রামক রোগ, অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং দুর্বল বায়োসিকিউরিটি ব্যবস্থা নিরাপদ উৎপাদনের পথে বাধা সৃষ্টি করছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার, আধুনিক কসাইখানা, প্রক্রিয়াজাতকরণ কারখানা, হিমাগার ও কোল্ড চেইন ব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে। তৃতীয়ত, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং মানসম্মত পশুখাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করা কঠিন, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য।
এ ছাড়া আন্তর্জাতিক স্যানিটারি মানদণ্ড, খাদ্যনিরাপত্তা, হালাল সনদ এবং পণ্যের উৎস শনাক্তকরণ বা ট্রেসেবিলিটি নিশ্চিত করা জরুরি। এসব শর্ত পূরণে ব্যর্থ হলে সম্ভাবনাময় বাজারেও বাংলাদেশের পণ্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজার সম্পর্কে পর্যাপ্ত তথ্য, কার্যকর ব্র্যান্ডিং এবং দক্ষ বাজার ব্যবস্থাপনার অভাব রপ্তানি সম্প্রসারণে প্রতিবন্ধকতা তৈরি করছে।
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। প্রথমত, রোগমুক্ত উৎপাদন অঞ্চল বা ডিজিজ ফ্রি জোন গড়ে তুলতে হবে। অঞ্চলভিত্তিক উৎপাদন ও কঠোর নজরদারির মাধ্যমে রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব। পাশাপাশি আধুনিক কোয়ারেন্টাইন ব্যবস্থা, আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার, পশু ও পোল্ট্রির টিকাদান কর্মসূচি এবং খামার পর্যায়ে বায়োসিকিউরিটি জোরদার করতে হবে। রপ্তানিযোগ্য প্রতিটি পণ্যের উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও পরিবহন পর্যন্ত মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য রপ্তানির উপযোগী বিশেষায়িত প্রক্রিয়াজাতকরণ অঞ্চল গড়ে তোলাও সময়ের দাবি।
দ্বিতীয়ত, উৎপাদন ব্যয় কমানো ও উৎপাদনশীলতা বাড়াতে উন্নত জাত, মানসম্মত পশুখাদ্য এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। দেশে দুধ উৎপাদনে অগ্রগতি হলেও চাহিদার তুলনায় ঘাটতি এখনো রয়েছে। এ ঘাটতি পূরণে উন্নত জাতের গবাদিপশু, সবুজ ঘাস উৎপাদন, সুষম খাদ্য সরবরাহ, প্রাণী চিকিৎসা এবং খামার ব্যবস্থাপনার আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানো জরুরি।
তৃতীয়ত, রপ্তানি বাজার সম্প্রসারণে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তা ও খামারিদের পক্ষে এককভাবে আন্তর্জাতিক বাজারের শর্ত পূরণ করা কঠিন। তাই সমবায়ভিত্তিক উৎপাদন, চুক্তিভিত্তিক খামার ব্যবস্থাপনা, সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ, বীমা এবং রপ্তানি প্রণোদনা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে বিদেশে বাংলাদেশের প্রাণিজ পণ্যের ব্র্যান্ডিং, বাজার গবেষণা, বাণিজ্য মেলায় অংশগ্রহণ এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে। বিশেষ করে হালাল অর্থনীতির ক্রমবর্ধমান বাজারকে লক্ষ্য করে মাংস, ডিম, দুগ্ধজাত পণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যের জন্য পৃথক রপ্তানি কৌশল গ্রহণ করা জরুরি।
চতুর্থত, প্রাণিসম্পদ খাতের উপজাতকে সম্পদে পরিণত করতে হবে। গরু-মহিষের শিং, হাড়, চামড়া, পশম, পালক ও জেলাটিনসহ বিভিন্ন উপজাত থেকে উচ্চমূল্যের পণ্য উৎপাদনের সুযোগ রয়েছে। পাশাপাশি পশুখাদ্য, খৈল, রাইস ব্রান ও ডি-অয়েলড মিলের মতো পণ্যের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। এসব উপখাতের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাতের আয় ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।
সব মিলিয়ে বাংলাদেশের প্রাণিসম্পদ খাত এখন সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের সক্ষমতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং বাজার সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সমৃদ্ধ প্রাণিসম্পদ, নিরাপদ উৎপাদন ও রপ্তানিমুখী অর্থনীতির সমন্বয়েই গড়ে উঠতে পারে আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ।
ভোরের আকাশ/জেআ