জীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যে চুয়াডাঙ্গার জীবননগরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামছুল আফরিন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহফুজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, পল্লী বিদ্যুতের ডিজিএম মাজেদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, জীবননগর পৌর জামায়াতের সভাপতি হাফেজ ফিরোজ হোসেন ও সেক্রেটারি ইব্রাহিম খলিলসহ অনেকে।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় খামারি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু পালন, খামারিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, পশুর রোগ প্রতিরোধ এবং আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা, উৎপাদন বৃদ্ধি এবং এ খাতের পণ্য রপ্তানির সম্ভাবনা কাজে লাগানোর বিভিন্ন দিক তুলে ধরেন।
ভোরের আকাশ/ইউএম