চিনিকলকে লাভজনক করতে পণ্য বহুমুখীকরণে জোর

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) মিলগুলোর বিদ্যমান সংকট নিরসন ও উত্তরণের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিএসএফআইসির চিনিশিল্প ভবনের বোর্ডরুমে জিয়া পরিষদের উদ্যোগে ‘বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) মিলসমূহের বিদ্যমান সংকট নিরসন ও তা থেকে উত্তরণের উপায়’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএসএফআইসির চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ। উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ও যুগ্মসচিব ড. আব্দুল আলীম খান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ সরকার (জুয়েল)সহ নেতৃবৃন্দ।
এ ছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংস্থার পরিচালক, সচিব, বিভিন্ন দপ্তরের প্রধান, জিয়া পরিষদের সভাপতি মো. আবু রায়হান, সহসভাপতি মো. হাসানুজ্জামানসহ করপোরেশনের আওতাধীন বিভিন্ন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ও কর্মকর্তারা যুক্ত ছিলেন।
সেমিনারে বিএসএফআইসির চিনিকলগুলোর বিদ্যমান সমস্যা, উৎপাদনশীলতা বৃদ্ধি, লোকসান কমানো ও সংকট উত্তরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে বন্ধ কলকারখানা পুনরায় চালু, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বন্ধ চিনিকলগুলো পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, মিলগুলোর লোকসান কমিয়ে লাভজনক পর্যায়ে নিতে বাই-প্রোডাক্ট দক্ষতার সঙ্গে ব্যবহার ও পণ্যের বহুমুখীকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে বিএসএফআইসিকে একটি লাভজনক ও স্বনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সমাপনী বক্তব্যে চেয়ারম্যান বলেন, করপোরেশনের গতিশীলতা ফিরিয়ে আনতে ও গৃহীত উদ্যোগগুলো সফল করতে কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
ভোরের আকাশ/জেআ