নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বরের প্রথম আট দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৫০ শতাংশ।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম আট দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ কোটি ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।
চলতি অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।
অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৫০ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের এ পরিসংখ্যান অনুযায়ী, মাসের প্রথম আট দিন এবং চলতি অর্থবছরের হিসাব—উভয় ক্ষেত্রেই গত বছরের তুলনায় বেশি রেমিট্যান্স এসেছে দেশে।
ভোরের আকাশ/এনএস