আর না, অনেক দিন চুপ ছিলাম, হঠাৎ কেন বললেন চমক

অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে শোবিজ অঙ্গনে। দীর্ঘদিন নীরব থাকার পর এবার সবকিছু প্রকাশ্যে আনার ঘোষণা দিয়েছেন তিনি। তবে, কী বিষয়ে মুখ খুলতে যাচ্ছেন, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু না বলায় তার পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে চমক লেখেন, “অনেক দিন চুপ ছিলাম। আর না। আজকেই সব সামনে আনব। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা।”
অভিনেত্রীর এই সংক্ষিপ্ত বার্তায় বিষয়টি নিয়ে কোনো বিস্তারিত তথ্য না থাকলেও তার “সব সামনে আনব” কথাটিই অনুসারীদের ভাবিয়ে তুলেছে। কী এমন ঘটনা, যা নিয়ে এত দিন নীরব ছিলেন চমক? আর আজই বা কী প্রকাশ করতে যাচ্ছেন তিনি—এমন প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
পোস্টের পর মন্তব্যের ঘরেও দেখা গেছে নানা প্রতিক্রিয়া। কেউ বিষয়টিকে তার ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলিয়ে দেখছেন, আবার কেউ মনে করছেন, কোনো অজানা ঘটনা বা অভিজ্ঞতা নিয়ে কথা বলতে পারেন অভিনেত্রী। একজন মন্তব্যে লিখেছেন, ‘যা-ই হোক, বিষয়টি এবার স্পষ্ট করে সামনে আনা উচিত।’ তবে এসবই অনুসারীদের অনুমান; চমক নিজে এখনো তার ঘোষণার বিষয়টি পরিষ্কার করেননি।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও দেখা গেছে চমককে। সম্প্রতি গায়িকা জিনিয়া জাফরিন লুইপার ‘চুড়ি ছাম ছাম’ গানে লাল শাড়ি, রেশমি চুড়ি ও ভারী গয়নায় নাচনির্ভর উপস্থিতিতে নজর কেড়েছেন তিনি।
একদিকে পর্দায় ব্যস্ততা, অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার রহস্যময় ঘোষণা—সব মিলিয়ে নতুন করে আলোচনায় চমক। তবে, এই ঘোষণার পেছনে আসলে কী আছে, তা জানতে এখন অপেক্ষা করতে হচ্ছে অভিনেত্রীর পরবর্তী পোস্টের জন্য।
ভোরের আকাশ/এনএস