পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

সম্প্রতি ঢাকার বাজারে পেঁয়াজের দাম হুহু করে বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ৬০ টাকা থেকে বেড়ে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় সরকার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিলো। তবে আমদানি দিনক্ষণ ও পরিমাণ এখনো জানানো হয়নি।
মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে প্রেস ব্রিফংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ কথা জানান।
উপদেষ্টা বলেন, চাহিদা ও জোগানের ভিত্তিতে এবার পেঁয়াজ আমদানি করা হবে। শুধু ভারত থেকে নয়, ব্যবসায়ীরা যেখান থেকে আমদানি করতে চাইবে সেখান থেকেই আনার অনুমতি দেওয়া হবে।
তিনি বলেন, কারণ আমাদের মূল উদ্দেশ্য পেঁয়াজের দাম কমানো, সরবরাহ বৃদ্ধি করা। এজন্য যেখান থেকে দাম কম পাওয়া যাবে সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে।
এদিকে, দেশে ভালো ফলন হওয়ায় চলতি মৌসুমে আমদানি করতে হয়নি পেঁয়াজ। দামও ছিল মোটামুটি হাতের নাগালে। গত ১৫ দিনে হঠাৎ করে কেজিপ্রতি ২০-২৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম বাড়ায় ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে অস্বস্তি।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফলন বেশি হয় এমন জেলাগুলোর মোকাম থেকে সরবরাহ করে সারাদেশের চাহিদা মেটাতে হচ্ছে। এতে মৌসুম শেষের অজুহাতে মোকামগুলোতে পেঁয়াজ কমে আসার সুযোগে দাম বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী চক্র।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের গত ১১ আগস্ট এক প্রতিবেদনে বলছে, ঢাকা মহানগরীর খুচরা বাজারগুলোতে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ১ আগস্ট খুচরা বাজারে পেঁয়াজের দাম ছিল ৬০-৬৫ টাকা।
টিসিবির প্রতিবেদন বলছে, মাত্র ১০ দিনের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে ১৫-২০ টাকা।
ভোরের আকাশ/এসএইচ