সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আসছে, ব্যয় ১ হাজার ৮৫ কোটি টাকা

দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানি করা হবে। এ প্রক্রিয়ায় সরকারি ব্যয় হবে ১ হাজার ৮৫ কোটি ৬১ লাখ ৮৩০ টাকা। একই সঙ্গে ‘তেল ও গ্যাস মূল্য শৃঙ্খলে কার্বন অবক্ষেপণের জন্য প্রযুক্তিগত সহায়তা’ প্রকল্পের জন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ব্যয় ৫০ কোটি ৫২ লাখ ৭৩ হাজার টাকা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই তিনটি প্রস্তাব অনুমোদিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় প্রথম কার্গো এলএনজি (৪৬তম, নভেম্বর ২২-২৩, ২০২৫) আমদানি করা হবে। পেট্রোবাংলা ২৩টি চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান থেকে দরপ্রস্তাব আহ্বান করলে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব দাখিল করে। প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের মেসার্স আরামকো ট্রেডিং থেকে প্রতি এমএমবিটিইউ ১১.৮৫ ডলারে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ব্যয় ৪৯৭ কোটি ৯০ লাখ ৭০ হাজার ৪৩২ টাকা।
দ্বিতীয় কার্গো এলএনজি (৪৮তম, ডিসেম্বর ২৬-২৭, ২০২৫) আমদানি করতে একই নিয়মে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়া অনুসরণ করা হবে। ২৩টি প্রতিষ্ঠান থেকে দরপ্রস্তাব আহ্বান করলে তিনটি প্রতিষ্ঠান দাখিল করে। পিইসির সুপারিশ অনুযায়ী সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১১.৯৭ ডলারে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনা হবে, যার ব্যয় ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৩৯৮ টাকা।
এছাড়া, ‘টেকনিকাল অ্যাসিসট্যান্স ফর কার্বন অ্যাবেইটমেন্ট অফ দ্যা ওয়েল অ্যান্ড গ্যাস ভ্যালু চেইন’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য আন্তর্জাতিক সংক্ষিপ্ত তালিকাভুক্ত ৮টি প্রতিষ্ঠানের কাছে রিকোয়েস্ট ফর প্রপোজাল পাঠানো হয়। ৭টি প্রতিষ্ঠান প্রস্তাব দাখিল করে, যার মধ্যে ৫টি কারিগরি যোগ্য বলে বিবেচিত হয়। পিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সর্বোচ্চ স্কোর প্রাপ্ত প্রতিষ্ঠান নরওয়ের কার্বন লিমিটস এএসকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫০ কোটি ৫২ লাখ ৭৩ হাজার টাকা।
ভোরের আকাশ//হ.র