দীর্ঘ বিরতি শেষে চা-শ্রমিক ইউনিয়নে ভোট শনিবার

দীর্ঘ বিরতির পর আবারও নির্বাচনী আমেজে ফিরছে দেশের চা-শ্রমিকদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন। আগামী শনিবার (২৮ নভেম্বর) দীর্ঘ আট বছর পর সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি, পরিচালনা ও সংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ।
এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। চা-বাগানের মালিক ও ম্যানেজারদের সঙ্গে পৃথক সমন্বয় সভা করা হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
মৌলভীবাজার জেলায় মোট ১৩৫টি পঞ্চায়েতের অধীনে ৬০ হাজার ৪৮২ জন চূড়ান্ত ভোটার রয়েছেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতের অধীনে সর্বোচ্চ ১৮ হাজার ৮২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যা জেলায় সর্বাধিক।
মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ভোটার রয়েছেন ৬০ হাজার ৪৮২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার শ্রীমঙ্গল উপজেলায়। এ উপজেলায় ৪০টি পঞ্চায়েতের অধীনে ভোট দেবেন ১৮ হাজার ৮২২ জন চা-শ্রমিক।
উপজেলাভিত্তিক ভোটার সংখ্যার চিত্রে দেখা যায়, কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় তিনটি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।
ভোরের আকাশ/জেআ