লতিফ সিদ্দিকী-সাংবাদিক পান্নার জামিন নামঞ্জুর

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধ আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন।
আসামিদের পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখীসহ অনেকেই তাদের জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এই জামিনের বিরোধিতা করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে।
গত ২৮ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোল টেবিল বৈঠকের আয়োজন করে। এ সময় কতিপয় কিছু ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে হট্টগোল শুরু করে এবং বৈঠকের ব্যানার ছিঁড়ে ফেলে। পরে সেখানে পুলিশ গিয়ে ১৬ জনকে আটক করে। এ ঘটনার পরদিন রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এসআই আমিরুল ইসলাম। পরবর্তী সময়ে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
ভোরের আকাশ/এসএইচ