দিলীপ আগরওয়ালার ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর

আদালত আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ আগরওয়ালার।
রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন। সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২১ অক্টোবর একই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক দিলীপ আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে রোববার তাঁকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২০ অক্টোবর চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকার অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে করা একটি মামলায় দিলীপ আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। পরে তাঁকে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা আব্দুল জব্বার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনএস সেন্টারের পাশে অবস্থান করছিলেন বাদী আব্দুল জব্বার। এ সময় আসামিরা বেআইনিভাবে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা ও গুলিবর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে একটি গুলি আব্দুল জব্বারের মেরুদণ্ডের নিচে ও কোমরের ওপরে বিদ্ধ হয়।
পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তী সময়ে পিজি হাসপাতালে নিয়ে যান। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর তিনি থানায় গিয়ে মামলা করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে র্যাব। পরে বিভিন্ন হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান।
ভোরের আকাশ/জেআ