প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

আন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ২৩,৮৬৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানিমূলক মামলাগুলো থেকে অব্যাহতি পেয়েছেন।
আইন মন্ত্রণালয়ের রোববার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি জেলা কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে। এই কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে আওয়ামী লীগ সরকার কর্তৃক দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য দরখাস্ত/আবেদন আহ্বান করে। ভুক্তভোগী রাজনৈতিক দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি বিভিন্ন সময়ে অনুষ্ঠিত ৩৯টি সভার মাধ্যমে আবেদনসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। যার কার্যক্রম এখনো চলমান।
ভোরের আকাশ/এনএস