বিচারকের সন্তান হত্যার ঘটনায় প্রধান বিচারপতির শোক

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রাজশাহীতে বিচারকের পরিবারের ওপর মর্মান্তিক হামলার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসভবনে ঘাতকের আঘাতে তার ছেলে নিহত এবং স্ত্রী আহত হওয়ার ঘটনায় এক শোক বার্তায় এ মন্তব্য করেন প্রধান বিচারপতি।
বিচার বিভাগের একজন সদস্যের পরিবারের ওপর এ নৃশংস আক্রমণ নিন্দনীয়, অমানবিক এবং গভীরভাবে বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন তিনি। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট ও সমগ্র বিচার বিভাগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন এবং আহতের দ্রুত আরোগ্য কামনা করছেন।
সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্ট এ ঘটনা সংশ্লিষ্ট সকল অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুততার সঙ্গে একটি যথাযথ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সকলের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছে যাতে প্রকৃত ঘটনা উদঘাটন হয় এবং দোষীদের আইনের আওতায় এনে যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি প্রদান করা হয়। প্রধান বিচারপতি তদন্তের সততা ও স্বচ্ছতা প্রতিটি ধাপে অক্ষুণ্ণ রাখার বিষয়ে জোর প্রদান করেছেন।
ভোরের আকাশ/এসএইচ