আদালতে হাজির হননি পরীমনি, জামিন বাতিল চাইল রাষ্ট্রপক্ষ

পায়ের ব্যথার কারণে আদালতে হাজির হতে না পারায় চিত্রনায়িকা পরীমনির জামিন বাতিল করে অভিযোগ গঠনের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। তবে পরীমনির আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মাদক মামলাটিতে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম শুনানি শেষে আগামী ১৭ নভেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন।
এদিন পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করেন। আবেদনে তিনি জানান, কিছুদিন আগে পায়ে আঘাত পাওয়ার পর পরীমনি অসুস্থ ছিলেন। হঠাৎ ব্যথা বেড়ে যাওয়ায় তার চলাফেরায় সমস্যা হচ্ছে। এ কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জম হোসেন সময়ের আবেদনের বিরোধিতা করেন। তিনি পরীমনির জামিন বাতিলের পাশাপাশি অভিযোগ গঠনের শুনানি করার আবেদন জানান। একই সঙ্গে আইনজীবীর মাধ্যমে তার হাজিরা গ্রহণের আবেদনও নাকচের দাবি করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে বলেন, মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। পরীমনি দীর্ঘদিন ধরে আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত না হয়ে সময় নিচ্ছেন, যা গ্রহণযোগ্য নয়। তাই তার জামিন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেওয়া উচিত।
দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত পরীমনির সময়ের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর নতুন দিন ধার্য করা হয়।
এদিন মামলার অপর দুই আসামি পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও তার খালু কবীর হোসেন হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন।
২০২১ সালের ৪ আগস্ট পরীমনির বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র্যাব। পরে তাকে গ্রেফতার করে মাদক আইনে মামলা করা হয়।
ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০২২ সালের ৫ জানুয়ারি আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পরে মামলার বাদী র্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন।
এরপর মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশে মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির কার্যক্রম আবার শুরু হয়।
ভোরের আকাশ/এনএস