সালমান-আনিসুলসহ ৪ জন নতুন মামলায় গ্রেফতার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর থানায় মাহফুজুর রহমান হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাসুম মিয়া এ আদেশ দেন। এ মামলার অন্য আসামিরা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্যা।
এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. তরিকুল ইসলাম। আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ এ শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মাহফুজুর রহমান। ওইদিন বিকেলে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা গুলি চালায়।
এ সময় মাহফুজুর রহমানের ডান কানের পাশে গুলি লেগে মাথার অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই মাহফুজুর রহমান মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পরে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করা হয়। মামলায় সালমান এফ রহমান ৭ নম্বর, আনিসুল হক ৮ নম্বর, জসিম ১৫ নম্বর ও আতিকুল ইসলাম ২০ নম্বর এজাহারনামীয় আসামি।
ভোরের আকাশ/এসএইচ