তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিট থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত আছেন।
মোট পাঁচটি পক্ষ রিভিউ আবেদন করেছে। এর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও একজন ব্যক্তি। বিএনপি ও জামায়াতের আবেদনের সঙ্গে আরও কয়েকজন আইনজীবী একাত্মতা প্রকাশ করেছেন।
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে যুক্ত হয়। তবে এর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বাতিল করে।
এরপর ওই বছরের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় পঞ্চদশ সংশোধনী আইন, যা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে এবং ৩ জুলাই সরকারি গেজেট প্রকাশিত হয়। তবে ২০২৩ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ (বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী) পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে বাতিলের রায় দেন।
ভোরের আকাশ/এসএইচ