শেখ হাসিনার মামলায় লড়বেন না জেড আই পান্না

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
জেড আই খান পান্না বলেন, যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম। রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে তার ফরমাল চিঠি এখনো পাইনি। চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাব।
শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই থেকে সরে দাঁড়ালেও অন্যান্য গুরুত্বপূর্ণ মামলায় আইনি সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন জেড আই খান পান্না। তিনি বলেন, সম্প্রতি তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে যে মামলা হয়েছে, সেই মামলায় তিনি তার পক্ষে লড়বেন। এছাড়া দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার কথা জানিয়েছেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পক্ষে আইনজীবী হতে ১২ আগস্ট আবেদন করেছিলেন জেড আই খান পান্না। তার পক্ষে আইনজীবী নাজনীন নাহার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবেদনটি দাখিল করেছিলেন। ২৫ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পিপি আইনজীবী আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। তিনি ইতোমধ্যে বেশ কয়েকবার শেখ হাসিনার পক্ষে শুনানি করেছেন। এ কারণে ট্রাইব্যুনাল জেড আই পান্নার আবেদন আমলে নেননি।
ভোরের আকাশ/এসএইচ