যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচির ২৫ বছরের কারাদণ্ড

সার্বিয়ার বিরুদ্ধে কসোভোর স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন হেগের একটি আন্তর্জাতিক আদালত। তিন বছর বিচার চলার পর হত্যা, অবৈধ গ্রেপ্তার, নির্যাতন ও নিষ্ঠুর আচরণের মতো বিভিন্ন অপরাধে ৫৮ বছর বয়সী থাচিকে দোষী সাব্যস্ত করা হয়। তবে তার বিরুদ্ধে আনা বেশ কিছু অভিযোগ প্রমাণিত হয়নি।
হাশিম থাচি ছিলেন কসোভো লিবারেশন আর্মি (কেএলএ)-র সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান কমান্ডার।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০-এর দশকের গোড়ার দিকে গড়ে ওঠা এই গোষ্ঠীটি জাতিগত আলবেনীয়দের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেয়।
অভিযোগ রয়েছে, দশ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটা এই যুদ্ধ চলাকালীন কেএলএ অঞ্চলের সংখ্যালঘু সার্বদের ওপর হামলা চালিয়েছিল।
থাচিসহ কেএলএর আরো তিনজন সাবেক কমান্ডারের বিরুদ্ধে প্রায় ১০০ জনকে হত্যা ও গুমের দায়ে হেগে বিচার চলছিল। স্বাধীনতা সংগ্রামের জন্য নিজ দেশে বীর হিসেবে পরিচিত থাচি ২০০৮ সালে কসোভোর প্রথম প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হন। তবে ২০২০ সালে হেগের আদালতে আনুষ্ঠানিক অভিযোগ আনা হলে তিনি পদত্যাগ করেন।
এই রায়ের খবর প্রিস্টিনাসহ কসোভোজুড়ে বড় পর্দায় সম্প্রচার করা হয়।
ভোরের আকাশ/ইউএম