রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু

প্রায় পাঁচ বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আবুধাবিতে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ আলোচনায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা যোগ দিয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) এই ত্রিপক্ষীয় আলোচনা চার ঘণ্টারও বেশি সময় ধরে চলে এবং যুক্তরাষ্ট্র এটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে স্থানীয় সময় বুধবার সকালে আবারও এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
গত ফেব্রুয়ারির পর এই প্রথম এমন আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা এই আলোচনাকে কঠোরভাবে ত্রিপক্ষীয় রাখতে চায়। তবে পৃথক বৈঠকের জন্য ইউরোপের বেশ কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পাশাপাশি ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারাও আমিরাতের রাজধানীতে অবস্থান করছেন।
মঙ্গলবারের আলোচনার শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং মার্কিন আলোচক জ্যারেড কুশনার বলেন, আজকের প্রত্যাশা কেবল দেশগুলোর মধ্যকার দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা করা, কীভাবে যুদ্ধ বন্ধ করা যায় এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়া যায় তা নয়; বরং ইউক্রেন, রাশিয়া এবং ইউরোপের মধ্যে কীভাবে সঠিক নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলা যায়, সেটিও আলোচনার বিষয়।
তবে অনেকেই; বিশেষ করে ইউরোপ; যুদ্ধ বন্ধে মস্কোর সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাস সোমবার বলেছেন, রাশিয়া যে সদিচ্ছা নিয়ে আলোচনায় বসতে চায়, তার কোনো লক্ষণ তিনি খুব একটা দেখছেন না।
ত্রিপক্ষীয় আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। অন্যদিকে, ইউক্রেনের বৈদেশিক গোয়েন্দা প্রধান ও শীর্ষ আলোচক রুস্তেম উমেরভ ইউক্রেনীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-এর তথ্য অনুযায়ী, রাশিয়া প্রতিনিধি হিসেবে উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবং মিখাইল গালুজিনকে পাঠিয়েছে। তাদের সঙ্গে ক্রেমলিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি, সামরিক গোয়েন্দা প্রধান ইগর কোস্তিউকভ এবং জেনারেল স্টাফের সদস্য ইউরি ঝিগারলোভস্কিও রয়েছেন।
এ ছাড়া ই-ফোর গ্রুপ—অর্থাৎ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালির প্রতিনিধিরা এবং ন্যাটো ও ইউরোপীয় কমিশনের কর্মকর্তারাও আবুধাবিতে উপস্থিত আছেন। মঙ্গলবারের ত্রিপক্ষীয় আলোচনার আগে তারা ইউক্রেনীয় এবং মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।
আবুধাবিতে ইউরোপীয় কর্মকর্তাদের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেন, কিয়েভ এবং ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের জন্য ইউরোপের নিজস্ব মাধ্যম রয়েছে। তবে তিনি পুনর্ব্যক্ত করেন যে এই আলোচনাটি মূলত একটি ত্রিপক্ষীয় সমঝোতা—যেখানে রাশিয়া ও ইউক্রেন জড়িত এবং যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।
মঙ্গলবার আলোচনা শুরুর আগে প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ থেকে বলা হয়েছে, আমাদের লক্ষ্য একটি মৌলিক নীতি প্রতিষ্ঠা করা; ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং ইউরোপের নিরাপত্তা অবিচ্ছেদ্যভাবে জড়িত।
ইউরোপকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কোনো শান্তি চুক্তির বিষয়ে ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরেই সতর্ক অবস্থানে রয়েছে।
এ প্রসঙ্গে সোমবার উমেরভ বলেছিলেন, কূটনৈতিক প্রক্রিয়ায় ইউরোপ যাতে অংশগ্রহণকারী হিসেবে থাকে, তা নিশ্চিত করতে আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করছি।
উইটকফ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো এবং যেকোনো সমঝোতার অংশ হিসেবে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার সমর্থনসহ একটি টেকসই শান্তির শর্তাবলি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নিবিড় সমন্বয় অব্যাহত রাখতে তিনি এবং কুশনার মঙ্গলবার ইউক্রেনীয় ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে বৈঠক করেছেন।
উইটকফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করে বলেন, অংশগ্রহণকারীরা যুদ্ধ-পরবর্তী একটি শক্তিশালী ইউরোপীয় নিরাপত্তা কাঠামো ও ব্যবস্থার প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং এটি স্পষ্ট করেছেন যে ইউরো-আটলান্টিক যৌথ প্রতিরক্ষার কেন্দ্রবিন্দুতে একটি শক্তিশালী ন্যাটো থাকবে।
জি-৭ বৈঠকে যোগ দিতে প্যারিসে অবস্থানরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার দিনের শেষভাগে বলেন, তার প্রশাসনের লক্ষ্য হলো বর্তমান আলোচনাকে এমনভাবে সম্প্রসারিত করা যাতে ইউরোপীয়রা সরাসরি আলোচনার টেবিলে প্রতিনিধিত্ব করতে পারে। তিনি যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার মতপার্থক্যকে গুরুত্ব না দিয়ে বলেন, আমাদের লক্ষ্য এক এবং অভিন্ন।
এটি হবে ত্রিপক্ষীয় আলোচনার চতুর্থ দফা। এর আগের সবকটি আলোচনাই উল্লেখযোগ্য কোনো সাফল্য ছাড়াই শেষ হয়েছে। চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন যে, গত ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় আলোচনা ইউক্রেনের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে।
তিনি বলেছিলেন, স্পর্শকাতর রাজনৈতিক বিষয়, সম্ভাব্য আপসের বিষয়গুলো এবং নেতাদের মধ্যে প্রয়োজনীয় বৈঠক নিয়ে এখনো যথেষ্ট কাজ করা হয়নি। পরবর্তীতে ইরানে যুদ্ধের কারণে মার্চ মাসে অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় আলোচনার একটি দফা স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র।
পুতিন এখনো তার সেই সর্বোচ্চ দাবিগুলোতেই অনড় রয়েছেন, যা কিয়েভ আগেই প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে রয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের ওপর রুশ নিয়ন্ত্রণ, ইউক্রেনের সামরিক বাহিনীর আকার কমাানো এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করা।
আটলান্টিক কাউন্সিলের ইউরেশিয়া সেন্টারের জ্যেষ্ঠ পরিচালক এবং ইউক্রেনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হার্বস্ট বলেছেন, আবুধাবির এই আলোচনা থেকে প্রত্যাশা খুবই সামান্য রাখা উচিত।
গত সপ্তাহে হার্বস্ট লিখেছিলেন, এই আলোচনা কেবল এই কারণেই হচ্ছে যে, পুতিন ট্রাম্পকে ইউক্রেন থেকে নিজেকে আরো দূরে সরিয়ে রাখার একটি অজুহাত দিতে চান।
ভোরের আকাশ/এম