সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
দু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই

রাতের অন্ধকারে এক-দুটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টি করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো মূল্যে শিল্পবান্ধব ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানান তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন জুগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য এবং দক্ষতার সঙ্গে তাদের সেই অপচেষ্টা ও নীল নকশা ভণ্ডুল করে দিয়েছে।
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের গার্মেন্টস অঞ্চলগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ বাহিনী অত্যন্ত সমন্বিতভাবে কাজ করছে। উসকানি থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিয়েছেন, যেন উৎপাদন ও রপ্তানি কোনোভাবেই ব্যাহত না হয়। শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে তিনি উল্লেখ করেন, একটি পত্রিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দাবি করে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইট থেকে পাওয়া ডেটা যদি সঠিকভাবে বিশ্লেষণ করা হয়, তবে দেখা যাবে বিগত বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। অথচ আগের বছরগুলোর সঙ্গে নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় এরই মধ্যে দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশজুড়ে ককটেল ছোড়া বা অরাজকতার চেষ্টাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্তের ওপার বা দেশের ভেতরে থাকা যৌথ ষড়যন্ত্রকারীদের সব তথ্য-প্রমাণ সরকারের কাছে রয়েছে এবং প্রয়োজনে উপযুক্ত সময়ে তা প্রকাশ করা হবে। সরকার দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/এনএস