যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হুমকিতে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক চাপ মোকাবিলায় আপস না করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি বলেছেন, বিদেশি শক্তির হুমকি কিংবা আধিপত্যবাদী মনোভাবের কাছে মাথা নত করবে না তেহরান। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানিরা ঐক্যবদ্ধ থাকবে। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে রাজাভি খোরাসান প্রদেশ সফরের সময় এসব মন্তব্য করেন তিনি।
মাশহাদের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পেজেশকিয়ান বলেন, দেশের প্রতিরক্ষার প্রশ্নে ইরানের জনগণ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা অন্য কোনো শক্তি নিজেদের ইচ্ছা ইরানের ওপর চাপিয়ে দিতে পারবে না।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ২৬ নভেম্বর অ্যাক্সিওসের এক প্রতিবেদনেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে তেহরানের অবস্থান তুলে ধরা হয়েছে।
পেজেশকিয়ানের অভিযোগ, নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির পাশাপাশি ইরানের অর্থনীতিকে দুর্বল করতে নানা কৌশল গ্রহণ করছে দেশটির প্রতিপক্ষরা। উৎপাদন খাত ব্যাহত করা, বেকারত্ব বাড়ানো এবং জনগণের মধ্যে অসন্তোষ তৈরির মাধ্যমে সরকারকে চাপে ফেলার চেষ্টা চলছে।
তবে এসব প্রতিকূলতার মধ্যেও ইরান বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেন তিনি। দেশের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন মতাদর্শের মানুষকে জাতীয় স্বার্থে এক হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট।
তাঁর মতে, অভ্যন্তরীণ বিরোধ ও বিভক্তি দেশের প্রতিপক্ষের জন্যই সুবিধা তৈরি করবে। তাই মতপার্থক্য পাশে রেখে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে ইরানের বর্তমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
পেজেশকিয়ানের মতে, দীর্ঘদিন ধরে সংঘাতের আশঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে থাকলে দেশের অর্থনীতি, উন্নয়ন পরিকল্পনা এবং প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। তবে এই অচলাবস্থা কাটানোর অর্থ সরাসরি যুদ্ধের পথে এগিয়ে যাওয়া নয়।
তিনি বলেন, ভবিষ্যৎ নির্ধারণের আগে দেশের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা, হাতে থাকা সম্পদ এবং সম্ভাব্য পরিণতি বিবেচনা করা জরুরি। পরিস্থিতি মোকাবিলায় বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার ওপরও জোর দেন তিনি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়্যদ মোজতবা হোসেইনি খামেনির নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রেও জাতীয় পর্যায়ে ঐকমত্য তৈরির আহ্বান জানিয়েছেন পেজেশকিয়ান। তাঁর মতে, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে অভিন্ন লক্ষ্য নির্ধারণ করতে পারলে দেশের সংকট মোকাবিলা সহজ হবে।
এর আগে নভেম্বরের শুরুতেও পেজেশকিয়ান জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরানের আপত্তি নেই। তবে আলোচনা হতে হবে পারস্পরিক সম্মান, ন্যায়বিচার ও সমান অধিকারের ভিত্তিতে। কোনো ধরনের জবরদস্তি বা হুমকির পরিবেশে সমঝোতায় যাবে না তেহরান।
ভোরের আকাশ/এম