জর্ডানে মার্কিন ঘাটিতে এফ-৩৫ ধ্বংসের দাবি আইআরজিসির

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ ছাড়া আরও তিনটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি। খবর আল জাজিরার।
আল জাজিরা জানায়, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতির বরাতেই এ তথ্য জানা গেছে।
আইআরজিসির দাবি, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ার প্রতিক্রিয়ায় তারা জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালায়।
বিবৃতিতে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানঘাঁটির রানওয়ে এবং রক্ষণাবেক্ষণ স্থাপনায় আঘাত হানা হয়। এতে ঘাঁটিতে থাকা তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও তিনটি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।
আইআরজিসি আরও দাবি করেছে, হামলায় কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা এবং প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি এবং স্বাধীনভাবেও তথ্যগুলো যাচাই করা সম্ভব হয়নি।
বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘ঘুমন্ত অবস্থায় নিরীহ পরিবারকে হত্যা করা বাহিনীর জন্য এই অঞ্চলে কোনো স্থান নেই।’ একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে, ‘ইসলামিক ভূখণ্ড থেকে শেষ মার্কিন সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।’ সূত্র: আল জাজিরা
ভোরের আকাশ/সু.পা