নাগাল্যান্ডে আসাম রাইফেলসের ওপর হামলা, নিহত ১

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে আধাসামরিক বাহিনী আসাম রাইফেলসের একটি গাড়িকে লক্ষ্য করে শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসাম রাইফেলসের এক সদস্য নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাজ্যের চুমৌকেদিমা জেলায় এ হামলার ঘটনা ঘটে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কর্নেল অমিত শুক্লা এক বিবৃতিতে জানান, বাহিনীর একটি ‘অপারেশনাল মুভমেন্ট’-এর সময় এই হামলা চালানো হয়। তিনি বলেন, “আহত সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে।”
এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আসাম রাইফেলসকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটল। এর আগে গত ৬ জুলাই মণিপুরের উখরুল জেলায় এক হামলায় বাহিনীটির দুই সদস্য নিহত হয়েছিলেন।
উল্লেখ্য, নাগাল্যান্ডের চুমৌকেদিমা এবং মণিপুরের উখরুল—উভয় জেলাতেই নাগা জনগোষ্ঠীর বসবাস বেশি। নাগাদের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন)-এর সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও নাগাল্যান্ড ও মণিপুরে এনএসসিএন-বিরোধী কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এখনো সক্রিয় রয়েছে। তবে সোমবারের হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
এর আগে চলতি বছরের মে মাসে মিয়ানমার সীমান্তসংলগ্ন মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেলসের সঙ্গে সংঘর্ষে ১০ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছিলেন। সেই ঘটনার পর এবার নিয়ে তিনবার বাহিনীটির ওপর হামলার ঘটনা ঘটল। সূত্র : ইন্ডিয়া টুডে
ভোরের আকাশ/সু.পা