হরমুজ প্রণালী নিয়ে জাহাজমালিকদের আইআরজিসির সতর্কতা

মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া জাহাজ চলাচলকে ‘অগ্রহণযোগ্য ও বিপজ্জনক’ বলে সতর্ক করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। জাহাজমালিকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় আইআরজিসি বুধবার (২৪ জুন) এ তথ্য জানায়, তেহরানের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো জাহাজ নতুন বা বিকল্প নৌপথ ব্যবহার করলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
সংস্থাটি আরও জানায়, হরমুজ প্রণালীতে কেবল ইরান নির্ধারিত রুটেই জাহাজ চলাচল করতে পারবে। যেকোনো নৌচলাচলের আগে নির্ধারিত যোগাযোগ চ্যানেলের মাধ্যমে আইআরজিসির সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক। নির্ধারিত করিডরের বাইরে চলাচলকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করে তা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।
এর আগে একটি আন্তর্জাতিক নৌ-তথ্য সংস্থা জাহাজমালিকদের জন্য বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেয়। ওই প্রস্তাবে ওমানের আঞ্চলিক জলসীমা ঘেঁষে দক্ষিণাঞ্চলীয় একটি পথ ব্যবহারের কথা বলা হয়, যেখানে মাইনমুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে দাবি করা হয়।
এদিকে সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আবারও ধীরে ধীরে বাড়ছে। জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে প্রণালী দিয়ে প্রায় ৯৩টি জাহাজ চলাচল করেছে, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হলেও এখনো স্বাভাবিক সময়ের চেয়ে কম।
বিশ্লেষকদের মতে, এই কৌশলগত জলপথে উত্তেজনা ও অনিশ্চয়তা বজায় থাকলে ভবিষ্যতে তেল ও পণ্য পরিবহনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তারা সতর্ক করে বলছেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি বিশ্ব জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করতে পারে।
ভোরের আকাশ/সু.পা