নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান: রয়টার্স

দুই দশকের বেশি সময় নির্বাসিত থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনে তার বিজয় সম্ভাবনা রয়েছে এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন বলে বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জনমত জরিপগুলো যদি সঠিক হয়, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ৬০ বছর বয়সী তারেক রহমানের ভাগ্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
তারেক রহমান ২০০৮ সালে চিকিৎসার জন্য দেশে ফিরে আসার আগে দীর্ঘ সময় সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্দিদশায় ছিলেন। ওই সময় দুর্নীতিবিরোধী অভিযানের পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
দীর্ঘ সময় পর ২০২৪ সালের আগস্টে তরুণদের নেতৃত্বে হওয়া গণ-আন্দোলনে পতন হয় বিএনপির দীর্ঘদিনের শত্রু শেখ হাসিনা সরকারের। এরপরেই গত বছরের ডিসেম্বরে বড়দিনে বীরের মতো স্বাগত পেয়ে দেশে ফিরেন তারেক রহমান। হাসিনা বর্তমানে দিল্লিতে নির্বাসনে আছেন।

তারেক রহমানের মা খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন আধিপত্য ধরে রেখেছিলেন। এ ছাড়া তারেক রহমানের পিতা জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন। তিনি নিহত হওয়ার আগে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত বাংলাদেশ শাসন করেন।
তারেক রহমান বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারিত্ব পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। কোনো একক দেশের সঙ্গে বেশি ঘনিষ্ঠ না হয়ে বিনিয়োগ আকর্ষণের কথা বলেছেন তিনি। অন্যদিকে হাসিনা তার শাসনামলে দিল্লির অনেক ঘনিষ্ঠ ছিলেন।
তারেক রহমান বলেছেন, ‘প্রতিশোধ কারো জীবনে কী নিয়ে আসে? প্রতিশোধের কারণে লোকদের এই দেশ থেকে পালাতে হবে। এতে ভালো কিছু হয়না। এই মুহূর্তে আমাদের দেশে শান্তি ও স্থিতিশীলতা দরকার বলে উল্লেখ করেছেন তারেক রহমান।’
সূত্র: ইত্তেফাক
ভোরের আকাশ/এনএস