মস্কোতে ইতালীয় রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৩, আহত ২১

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, শহরের কেন্দ্রস্থলের কুদ্রিনস্কায়া স্কোয়ারের কাছে স্থানীয় সময় রাত ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হাতে তৈরি একটি বিস্ফোরক (আইইডি) থেকে বিস্ফোরণটি ঘটেছে।
রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি (এনএকে) জানিয়েছে, বিস্ফোরক বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষী তাকে বাধা দেন। এ সময় বিস্ফোরকটি বিস্ফোরিত হলে ওই নারী, নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁর এক অতিথির মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় স্তালিন আমলে নির্মিত একটি ঐতিহাসিক বহুতল ভবনে অবস্থিত ওই রেস্তোরাঁয় একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল। তবে অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন বা হামলার লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর রেস্তোরাঁ থেকে রক্তাক্ত অবস্থায় একের পর এক মানুষকে বের করে আনা হয়। পরে জরুরি সেবাকর্মীরা আহতদের হাসপাতালে নিয়ে যান। প্রথমদিকে রেস্তোরাঁর রান্নাঘরে বিস্ফোরণের খবর প্রকাশিত হলেও পরে কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণটি ভবনের বাইরের অংশে ঘটেছিল।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে এলাকায় সান্ধ্যকালীন সাইকেল রাইডে অংশ নিতে জড়ো হওয়া কয়েক ডজন সাইকেল আরোহীর কর্মসূচিও বাতিল করা হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ভারী অস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও আশপাশের এলাকায় একাধিক রুশ সামরিক কর্মকর্তা গুপ্তহত্যার শিকার হয়েছেন। এসব হামলার জন্য রাশিয়া বরাবরই ইউক্রেনকে দায়ী করে আসছে। সূত্র: বিবিসি
ভোরের আকাশ/সু.পা