ইউরোপে রেকর্ড মূল্যস্ফীতি

জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ও সরবরাহ সংকটের প্রভাব পড়েছে ইউরোপের সাধারণ মানুষের জীবনযাত্রায়। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির ক্রমবর্ধমান দামে চাপে পড়েছেন ভোক্তারা।
এরই মধ্যে ইউরোজোনে মূল্যস্ফীতি বেড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত অক্টোবর মাসে ২০ দেশের এই অঞ্চলে বার্ষিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৪ শতাংশে, যা গত সেপ্টেম্বরেও ছিল ৩ দশমিক ৮ শতাংশ।
বুধবার ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে ইউরোজোনে মূল্যস্ফীতির হার ছিল ২ দশমিক ১ শতাংশ।
আর গত অক্টোবরে মাসভিত্তিক মূল্যস্ফীতি ছিল শূন্য দশমিক ৫ শতাংশ।
মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জ্বালানির দাম। অক্টোবরে জ্বালানির বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২১ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ১৯ শতাংশ এবং আগস্টে ১৪ দশমিক ৩ শতাংশ।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সামগ্রিক মূল্যস্ফীতিতে জ্বালানি খাতের অবদান দাঁড়িয়েছে ১ দশমিক ৮৯ শতাংশ পয়েন্টে, যা সেপ্টেম্বরে ছিল ১ দশমিক ৭২ শতাংশ পয়েন্ট। অর্থাৎ মোট মূল্যস্ফীতির প্রায় অর্ধেকই এসেছে জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে।
জ্বালানির পাইকারি বাজারে সরবরাহ সংকট এবং নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইউরোপীয় কমিশনের শরৎকালীন পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। কোনো কোনো সময় এ দাম এপ্রিলের শেষ দিকের সর্বোচ্চ পর্যায়ও অতিক্রম করে।
কমিশনের তথ্য অনুযায়ী, ইউরোপের বেঞ্চমার্ক টিটিএফ প্রাকৃতিক গ্যাসের দাম অক্টোবরে প্রতি মেগাওয়াট ঘণ্টায় গড়ে ৮৫ ইউরোতে পৌঁছায়। ফেব্রুয়ারির শেষ দিকে এ দাম ছিল প্রায় ৩০ ইউরো। মাসের শেষ দিকে গ্যাসের দাম ১০০ ইউরো ছাড়িয়ে যায়।
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতিকে বাজারে এই অস্থিরতার কারণ হিসেবে উল্লেখ করেছে ইউরোপীয় কমিশন।
জ্বালানির বাড়তি ব্যয়ের প্রভাব পড়ছে পরিবহন খাতেও। ইউরোস্ট্যাটের তথ্যে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়নে ব্যক্তিগত পরিবহনে ব্যবহৃত জ্বালানি ও লুব্রিকেন্টের দাম গত সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। আগস্টে এ বৃদ্ধির হার ছিল ২৩ দশমিক ৮ শতাংশ এবং জুলাইয়ে ১৬ দশমিক ৯ শতাংশ। ফলে জ্বালানির মূল্যবৃদ্ধি ক্রমেই ইউরোপের সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে তুলছে।
ভোরের আকাশ/এনএস