জাপানে হত্যার অভিযোগে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার

জাপানের একটি হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধারের পর হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে এক মার্কিন মেরিন সেনাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) স্থানীয় পুলিশ সিএনএনকে এ কথা জানিয়েছে।
ওকিনাওয়া দ্বীপের নাহা শহরের একটি হোটেলের কক্ষ থেকে ৩৯ বছর বয়সী এক নারীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। শনিবার (৩ অক্টোবর) ভোরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ওই নারীর মরদেহের অবস্থা দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে তারা আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি।
২০ বছর বয়সী ওই মার্কিন সেনা ওকিনাওয়ার ফুতেনমা এয়ার স্টেশনে দায়িত্বরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাথা কামানো এক ব্যক্তি– যাকে বিদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে– ওই নারীর সঙ্গে হোটেল কক্ষে প্রবেশ করেন এবং পরে নারীর জিনিসপত্র হাতে নিয়ে হোটেল ত্যাগ করেন।
টোকিওতে অবস্থিত মার্কিন দূতাবাস এক্স-এ জানিয়েছে, ওকিনাওয়ায় এক জাপানি নাগরিকের মৃত্যুর পর এক মার্কিন মেরিন সেনাকে হেফাজতে নেওয়ার বিষয়টি তাদের জানা রয়েছে।
দূতাবাস আরও জানায়, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র জাপান সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সার্বিক সহযোগিতা করছে।
শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে স্থানীয় সময় রাত ১টার দিকে শহরে ঘুরে বেড়ানোর সময় ওই মার্কিন মেরিন সেনাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। সূত্র: সিএনএন
ভোরের আকাশ/ইউএম