আবাসন সংকটের প্রতিবাদে স্পেনজুড়ে হাজারো মানুষের বিক্ষোভ

আবাসন সংকট মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে স্পেনজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শনিবার (৩ অক্টোবর) রাজধানী মাদ্রিদসহ দেশটির প্রায় ৫০টি শহরে বিক্ষোভ হয়। মাদ্রিদে প্রায় ৭০ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে স্পেন সরকার।
আবাসন সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতা প্রতিবাদে স্পেনজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। ভাড়া কমানো, উচ্ছেদ বন্ধ এবং বিনিয়োগকারী তহবিলের মাধ্যমে আবাসিক সম্পত্তি কেনার ওপর নিষেধাজ্ঞার দাবিতে শনিবার মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়াসহ বিভিন্ন শহরে প্রায় ৫০টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মাদ্রিদে প্রায় ৭০ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে স্পেন সরকার।
ভ্যালেন্সিয়া টেন্যান্টস ইউনিয়নের এক মুখপাত্র বলেন, জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শহরটিতে বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে। পূর্ব উপকূলীয় শহর ভ্যালেন্সিয়ায় আবাসন খাতের একটি সম্মেলন চলাকালে পালাউ দে লেস আর্টস রেইনা সোফিয়া আর্টস সেন্টারের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড সরিয়ে পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে মারেন। জবাবে পুলিশ রাবার বুলেট ছোড়ে। সরকারি সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে, এ ঘটনায় নয়জন পুলিশ সদস্য আহত এবং পাঁচজন বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন।
রাজধানী মাদ্রিদে ছিল সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি। সেখানে কত মানুষ অংশ নিয়েছেন, তা নিয়ে ভিন্ন ভিন্ন হিসাব পাওয়া গেছে। টেন্যান্টস ইউনিয়নের দাবি, বিক্ষোভে পাঁচ লাখ মানুষ অংশ নিয়েছেন। তবে সরকারি কর্মকর্তাদের হিসাবে এ সংখ্যা ছিল ৭০ হাজার।
বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘ভাড়া-নির্ভর মুনাফালোভী ব্যবসার জন্য কোনো শান্তি নেই’ এবং ‘আমি পড়াশোনা করি ভবিষ্যতের জন্য, কোনো ছোট অ্যাপার্টমেন্টে থাকার জন্য নয়’। তারা হাতে চাবি উঁচিয়ে ‘পুরো শহরের চাবি আমাদের হাতেই’ স্লোগান দেন। কেউ কেউ মাদ্রিদের প্রধান চত্বর পুয়ের্তা দেল সলে কয়েক দিন ধরে অবস্থানও করেন।
বিক্ষোভের আগে ডেভিড নামের এক বিক্ষোভকারী আরটিভিইকে বলেন, আমরা এখানে কোনো আনন্দ বা আরাম-আয়েশের জন্য আসিনি। আমরা এসেছি দৃঢ় বিশ্বাস ও তাগিদ থেকে।
২৬ বছর বয়সী গ্রন্থাগারিক মার্কোস সাইঞ্জ এএফপিকে বলেন, আগে তিনি বন্ধুদের সঙ্গে দুই শয়নকক্ষের একটি ফ্ল্যাটে থাকতেন এবং মাসে ৯০০ ইউরো ভাড়া দিতেন। এখন একটি শয়নকক্ষের ফ্ল্যাটের ভাড়াই অনেক সময় ১ হাজার ইউরোতে পৌঁছে যায়। তিনি বলেন, ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাবেন, যতক্ষণ না কেউ এটি নিয়ন্ত্রণে আনার সাহস দেখায়। তা না হলে তাদের সবাইকে মাদ্রিদ ছেড়ে চলে যেতে হবে।
এদিকে স্প্যানিশ পুলিশ জানিয়েছে, তারা একটি উগ্র ডানপন্থী গোষ্ঠীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। বিক্ষোভকারীদের কাছে যাওয়ার চেষ্টা করার সময় তাদের কয়েকজনকে নাৎসি স্যালুট দিতে দেখা যায় বলে পুলিশ জানিয়েছে।
আবাসন সংকটের সূত্রপাত হয় গত মাসে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে বাড়ি থেকে উচ্ছেদের পর। অতিরিক্ত ভাড়া দিতে না পারায় তাকে উচ্ছেদ করা হলে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক প্রতিবাদের মুখে তার ফ্ল্যাটের মালিকানা প্রতিষ্ঠান আরবাগেস্তিয়ন কম ভাড়ায় তাকে আবার ফ্ল্যাটে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সমঝোতা করে। তবে এরপরও বিক্ষোভ অব্যাহত রয়েছে।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন বামপন্থী জোট সরকার আবাসন সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে দুটি ডিক্রি বা অধ্যাদেশের প্রস্তাব দেয়। তবে শুক্রবার পার্লামেন্টে দুটিই প্রত্যাখ্যাত হয়।
প্রথম ডিক্রিতে ২০৩০ সাল পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ভাড়াটিয়াদের উচ্ছেদ স্থগিত রাখা, ২০২৮ সালের আগে মেয়াদ শেষ হতে যাওয়া ভাড়ার চুক্তি আরও দুই বছর বাড়ানো, পর্যটকদের জন্য ব্যবহৃত অ্যাপার্টমেন্টের ওপর কর বৃদ্ধি এবং তথাকথিত ‘ভালচার ফান্ড’-এর মাধ্যমে আবাসিক সম্পত্তি কেনার ওপর বিধিনিষেধের প্রস্তাব ছিল।
দ্বিতীয় ডিক্রিতে ভাড়ার চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়নের বিধান রাখা হয়েছিল। এটি বামপন্থী দল ও ভাড়াটিয়া ইউনিয়নের অন্যতম প্রধান দাবি ছিল।
সংসদ সদস্যরা ১৭৮ ভোটের বিপরীতে ১৭২ ভোটে প্রথম ডিক্রিটি প্রত্যাখ্যান করেন। দ্বিতীয় ডিক্রির বিপক্ষে ভোট পড়ে ১৮৪টি, পক্ষে ১৬৬টি।
ভোটের আগে রক্ষণশীল পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থী ভক্স উভয় উদ্যোগের বিরোধিতা করার কথা জানিয়েছিল। ফলে সংখ্যালঘু সরকারকে কাতালোনিয়া ও বাস্ক অঞ্চলের ছোট জাতীয়তাবাদী দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হয়। তবে সংসদীয় অধিবেশন শুরুর ঠিক আগে মধ্য-ডানপন্থী ও স্বাধীনতাপন্থী দল টুগেদার ফর কাতালোনিয়া উভয় প্রস্তাবের বিরোধিতা করায় সেগুলো পাসের সম্ভাবনা শেষ হয়ে যায়।
প্রস্তাব দুটি প্রত্যাখ্যাত হওয়ায় আগাম সাধারণ নির্বাচন নিয়ে জল্পনা বেড়েছে। ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি ও তাদের সহযোগী সুমার অ্যালায়েন্সের জোট সরকারের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নেই। যদিও আগামী গ্রীষ্মের আগে নির্বাচন হওয়ার কথা ছিল না।
মাদ্রিদের টেন্যান্টস ইউনিয়ন জানিয়েছে, সরকারের প্রস্তাবিত পদক্ষেপগুলো অপর্যাপ্ত হলেও সেগুলো বাতিল হওয়ায় আবাসন সংকট আরও তীব্র হয়েছে। সংগঠনটি আবাসন সংকটের প্রতিবাদে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।
দেশটিতে আবাসন সংকট কতটা তীব্র, তার চিত্র উঠে এসেছে বিভিন্ন পরিসংখ্যানেও। নতুন বাড়ি নির্মাণ ও চাহিদার পার্থক্যের ভিত্তিতে ব্যাংক অব স্পেনের ধারণা, দেশটিতে প্রায় সাত লাখ বাড়ির ঘাটতি রয়েছে।
জাতীয় পরিসংখ্যান সংস্থা আইএনইর ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী, এক বছরে স্পেনে বাড়ির দাম ১২ দশমিক ২ শতাংশ বেড়েছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আইডিয়ালিস্তার তথ্য অনুযায়ী, ভাড়ার বাড়ির ঘাটতির কারণে ২০২৫ সালে দেশটিতে বাড়িভাড়া ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। শুধু মাদ্রিদে ভাড়া বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ।
আইডিয়ালিস্তার হিসাবে, বার্সেলোনা ও মাদ্রিদ স্পেনের সবচেয়ে ব্যয়বহুল ভাড়ার শহর। সেখানে প্রতি বর্গমিটারে গড় ভাড়া যথাক্রমে ২৩ দশমিক ৮০ ইউরো ও ২২ দশমিক ৭০ ইউরো।
ভোরের আকাশ/ইউএম