অস্ট্রেলিয়ায় ফিলিস্তিন সমর্থনে লাখো মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার এই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন।
সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ জানিয়েছে, দেশজুড়ে অন্তত ৪০টির বেশি স্থানে বিক্ষোভ হয়েছে। সিডনি, ব্রিসবেন ও মেলবোর্নে সবচেয়ে বেশি অংশগ্রহণ দেখা গেছে। সংগঠকদের দাবি অনুযায়ী, দেশজুড়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে যোগ দিয়েছেন। তবে ব্রিসবেন পুলিশ জানায়, সেখানে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ১০ হাজার।
সিডনিতে বিক্ষোভের আয়োজক জশ লিস বলেন, গাজায় গণহত্যা বন্ধ করতে এবং অস্ট্রেলিয়ান সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে উৎসাহিত করতে মানুষ রাস্তায় নেমেছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে “ফ্রি, ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দিয়েছেন।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার ইহুদি সংগঠন এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরি বিক্ষোভকে অনিরাপদ হিসেবে উল্লেখ করে, এ ধরনের ঘটনা হওয়া উচিত নয় বলে সতর্ক করেছেন।
এ সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর মধ্যে টানাপোড়েনও প্রকাশ্যে এসেছে। আলবানিজের লেবার সরকার গত ১১ আগস্ট শর্তসাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর আগে ফ্রান্স, ব্রিটেন ও কানাডা একই পদক্ষেপ নিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, দুই বছর আগে হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েলি হামলায় ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলছে, খাদ্য সংকটের কারণে গাজায় ব্যাপক দুর্ভিক্ষ সৃষ্টি হচ্ছে।
ভোরের আকাশ/হ.র