সংলাপ চালিয়ে যাবে ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের পথ থেকে ইরান কখনো সরে যায়নি এবং ভবিষ্যতেও সরে যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, তেহরানের সঙ্গে আলোচনা চলার সময় যুক্তরাষ্ট্র তিনবার ইরানে হামলা চালালেও সংলাপ এড়িয়ে যাওয়ার নীতি গ্রহণ করবে না ইরান।
উদ্যোক্তাদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, ইরান কখনো সংলাপ এড়িয়ে যায়নি এবং ভবিষ্যতেও যাবে না। তবে আলোচনার সময় যুক্তরাষ্ট্র তিনবার ইরানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট বলেন, দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ভালো সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা রয়েছে। সবাই সমস্যা ও ঘাটতিগুলো সমাধানের চেষ্টা করছেন বলেও জানান তিনি।
এদিকে সমুদ্রপথে বিধিনিষেধের মধ্যেও স্থলপথে আমদানি-রপ্তানির সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান পেজেশকিয়ান। পাকিস্তান, ইরাক, তুর্কমেনিস্তান ও আজারবাইজানের সঙ্গে স্থলপথে বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণের মাধ্যমে আমদানি-রপ্তানির পথ আরও বিস্তৃত করার চেষ্টা করছে ইরান। সূত্র: ডন
ভোরের আকাশ/এম