যুদ্ধ নয়, শান্তির পথে ফিরতে হবে: পেজেশকিয়ান

ইরান চিরদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক পুনরায় কার্যকর করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় পেজেশকিয়ান বলেন, ‘ইরান চিরদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। যুদ্ধও নয়, শান্তিও নয়—এই নীতি থেকে একদিন আমাদের বেরিয়ে আসতে হবে। দেশকে রক্ষার স্বার্থেই আমাদের তা করতে হবে।’
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক সংকট সমাধানের সবচেয়ে কার্যকর পথ হতে পারে। সরাসরি আলোচনার মাধ্যমে ওই চুক্তি স্বাক্ষরের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও মনে করেন, এটি পুনরায় কার্যকর করা হলে সম্মানজনক ও যৌক্তিক উপায়ে সংকটের সমাধান সম্ভব।
উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ৬০ দিন মেয়াদি ওই সমঝোতাকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তির পথে প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়েছিল।
চুক্তির অন্যতম শর্ত ছিল, ৬০ দিনের মধ্যে দুই দেশের প্রতিনিধিরা একটি স্থায়ী চুক্তির খসড়া প্রস্তুত করে তাতে স্বাক্ষর করবেন। তবে যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত ভঙ্গ করেছে—এমন অভিযোগ তুলে মেয়াদ শেষ হওয়ার আগেই ইরান সমঝোতা থেকে সরে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের বিষয়ে সরকারের কট্টরপন্থিদের অবস্থানের সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, জনগণের পাশে দাঁড়ানো এবং তাদের আস্থা অর্জন করা জরুরি। জনগণকে বোঝাতে ব্যর্থ হলে সামরিক শক্তি যতই থাকুক, পরাজয় অনিবার্য বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তার পাশে ছিলেন ইরানের ইসলামি বিপ্লবের শীর্ষ নেতা এবং দেশটির প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি আয়াতুল্লাহ সায়ীদ হাসান খোমেনি। পেজেশকিয়ানের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে সায়ীদ হাসান খোমেনি বলেন, ‘মাঝে মাঝে একটি বিচক্ষণ সমঝোতা শত শত যুদ্ধের চেয়েও বেশি ফলপ্রসূ হতে পারে।’ সূত্র : সিএনএন
ভোরের আকাশ/সু.পা