গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০, আহত ২২

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে প্রবল বর্ষণের পর বিশাল একটি আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (২৩ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে রাজধানীর গিবেসেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধসে পড়া আবর্জনার স্তূপের নিচে বহু মানুষ চাপা পড়েন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
স্থানীয়দের ভাষ্য, আবর্জনার স্তূপটি এতটাই বিশাল ছিল যে তা অনায়াসে একটি বহুতল ভবনও চাপা দিতে পারত। যেকোনো সময় এটি ধসে পড়ার আশঙ্কা থাকায় গিনির সরকার সম্প্রতি আবর্জনার স্তূপটি অন্যত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে সেই ঘোষণার এক সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
ধসের পর উদ্ধারকারী দলের সদস্যরা এক্সকাভেটর ব্যবহার করে আবর্জনার স্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে অভিযান চালান। দুর্ঘটনায় পাঁচ সন্তানকে হারিয়েছেন সিরে দিয়োলো নামের এক নারী। তিনি সাংবাদিকদের বলেন, তার সব সন্তানই মারা গেছে। এমন পরিস্থিতিতে ঈশ্বরের ওপর ভরসা করা ছাড়া তার আর কোনো পথ নেই।
এদিকে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও গিনির অবকাঠামোগত পরিস্থিতি দুর্বল। দেশটি বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি। পশ্চিম আফ্রিকার এ দেশটিতে বিশ্বের অন্যতম বৃহৎ বক্সাইটের মজুত রয়েছে। পাশাপাশি দেশটির লৌহ আকরিকের মজুতও উল্লেখযোগ্য।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, গিনির জনসংখ্যা প্রায় ১ কোটি ৫১ লাখ। এর মধ্যে প্রায় ৩৭ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। সূত্র : রয়টার্স
ভোরের আকাশ/সু.পা