ট্রাম্পের জামাতার প্রকল্পের বিরুদ্ধে আলবেনিয়ায় ব্যাপক বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের একটি বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে আলবেনিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দেশটির রাজধানী তিরানায় অনুষ্ঠিত এ কর্মসূচিকে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ বিক্ষোভ হিসেবে উল্লেখ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বুধবার প্রধানমন্ত্রী এডি রামার কার্যালয়ের বাইরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভটি প্রায় আধা মাইলজুড়ে বিস্তৃত ছিল।
প্রায় ৫ বিলিয়ন ইউরোর এই প্রকল্পকে ঘিরে বলকান অঞ্চলে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। অভিযোগ রয়েছে, ফ্লেমিঙ্গো, সিল এবং সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার স্থানসহ সংরক্ষিত জলাভূমির কাছাকাছি এলাকায় প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সমালোচকদের মতে, বিদেশি বিনিয়োগকারীদের প্রস্তাবিত এই পরিকল্পনায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং পরিবেশগত ঝুঁকি উপেক্ষা করা হচ্ছে।
লেয়ান্ড লাকরোরি নামের এক বিক্ষোভকারী রয়টার্সকে বলেন, “আলবেনিয়ায় গত ৩৫ বছর ধরে যা চলছে, এটি তারই একটি স্পষ্ট উদাহরণ। এ ধরনের পরিস্থিতি আর চলতে দেওয়া যাবে না।”
দক্ষিণ উপকূলের জভেরনেক গ্রামে এই রিসোর্ট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এলাকাটি একটি সংরক্ষিত জলাভূমির নিকটবর্তী হওয়ায়, স্থানীয়রা এই আন্দোলনকে “ফ্ল্যামিঙ্গো বিপ্লব” নাম দিয়েছেন। এটি পরিযায়ী পাখিদের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।
অন্যদিকে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা পরিবেশগত উদ্বেগকে গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি প্রকল্পটির পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন করা হবে এবং পরিকল্পনা অনুযায়ী এটি এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, “আলবেনিয়ার বন্যপ্রাণী ও প্রকৃতি রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে ইউরোপীয় কমিশনের সন্দেহ করার কোনো কারণ নেই।”
ইউরোপীয় ইউনিয়ন ২০৩০ সালের মধ্যে আলবেনিয়া এবং পশ্চিম বলকান দেশগুলোকে সদস্য করার পরিকল্পনা নিয়েছে। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, সদস্যপদ পেতে ইউরোপীয় পরিবেশ আইন মেনে চলা বাধ্যতামূলক।
ইইউ মুখপাত্র গিয়োম মার্সিয়ে বলেন, আলবেনিয়ার এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকা উচিত যা ইউরোপীয় ইউনিয়নে যোগদানের লক্ষ্যে বাধা সৃষ্টি করতে পারে। তিনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সূত্র: আলজাজিরা
ভোরের আকাশ/সু.পা