হরমুজে মিত্রদের বিশেষ সুবিধা দেবে ইরান

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর নতুন করে ফি আরোপ করতে যাচ্ছে ইরান। তবে যুদ্ধকালীন যেসব দেশ ইরানের পাশে ছিল, সেই সব বন্ধুপ্রতীম দেশগুলোকে বিশেষ সুবিধা দেয়া হবে বলে জানিয়েছে তেহরান।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে, বেইজিংয়ে ওয়ার্ল্ড পিস ফোরামে চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদুর রেজা রহমানি ফাজলি এ তথ্য জানিয়েছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দুই দেশের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তিতে উল্লেখ আছে, প্রথম ৬০ দিন বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই এ প্রণালি পার হতে পারবে। তবে ওই নির্দিষ্ট সময়ের পর কী নিয়ম কার্যকর হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
এ অবস্থায় যুক্তরাষ্ট্র এ ফি চালুর বিষয়টি প্রত্যাখ্যান করলেও ইরান নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে বলেও জানান আবদুর রেজা রহমানি।
তিনি বলেন, হরমুজ প্রণালির একটি অংশ আমাদের জলসীমার মধ্যে পড়ে। তাই আমরা অবশ্যই সেখানে সার্ভিস ফি ধার্য করব।
তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনও টোল বা জোরপূর্বক কর নয়।
তিনি আরো বলেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, নৌযানগুলোর চলাচল তদারকি করা এবং বিপুলসংখ্যক জাহাজের কারণে পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব পড়ে, তা মোকাবিলা করাই আমাদের লক্ষ্য।
এর মধ্যেও বিপদের বন্ধুদের আশ্বস্ত করে রাষ্ট্রদূত আরও বলেন, কঠিন সময়ে যেসব দেশ আমাদের বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছিল, নতুন এ ফি আদায়ের ক্ষেত্রে আমরা অবশ্যই তাদের জন্য বিশেষ ছাড়ের বিষয়টি বিবেচনা করব।
ভোরের আকাশ/এম