সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় ১ জন নিহত

সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন।
একই দিনে শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলার চেষ্টাও প্রতিহত করার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) বুধবার এক বিবৃতিতে জানায়, দাম্মাম বিমানবন্দরে হামলায় আহতদের মধ্যে কয়েকজনের আঘাত সামান্য হলেও অন্যদের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে একই দিন সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে অবস্থিত সৌদি আরামকোর একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা ড্রোন প্রতিহত করে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, ওই ঘটনায় দুজন নিহত হয়েছেন।
ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বাহিনী ও সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিমানবন্দরগুলোতে হামলার ধারাবাহিক ঘটনার সর্বশেষ সংযোজন দাম্মামের এই হামলা।
এর আগে গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন। এর আগের দিন, ১০ অক্টোবর, একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার খবর প্রকাশ করে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
ভোরের আকাশ/সু.পা