রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল

প্রাণঘাতী ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ান বিজ্ঞানীরা তৈরি করেছেন নতুন ভ্যাকসিন, যা ট্রায়ালে সফল প্রমাণিত হয়েছে। এখন এটি রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য প্রস্তুত। রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (এফএমবিএ)-এর প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন ইকোনমিক ফোরামে এ ঘোষণা দেন।
ভ্যাকসিনটির নাম ‘এন্টারোমিক্স’। এটি এমআরএনএ প্রযুক্তিতে তৈরি—যে প্রযুক্তির মাধ্যমে করোনা ভ্যাকসিন তৈরি হয়েছিল এবং বৈশ্বিকভাবে আলোচিত হয়েছিল।
দুর্বল ভাইরাস ব্যবহারের বদলে এই ভ্যাকসিন শরীরের কোষকে বিশেষ প্রোটিন উৎপাদনে উদ্দীপিত করে। সেই প্রোটিনগুলো ক্যানসার কোষ শনাক্ত করে আক্রমণ করে।
এফএমবিএ জানায়, ভ্যাকসিনটি তিন বছরের প্রাক-ক্লিনিকাল ট্রায়াল সম্পন্ন করেছে। একাধিক ডোজ দেওয়ার পরও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। গবেষণায় দেখা গেছে, ক্যানসারের ধরনভেদে টিউমারের আকার ৬০–৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়েছে অথবা বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে রোগীদের বেঁচে থাকার সম্ভাবনাও বেড়েছে।
প্রাথমিকভাবে এই ভ্যাকসিন কোলন ক্যানসার রোগীদের জন্য ব্যবহৃত হবে। পাশাপাশি গবেষকেরা দ্রুত বিস্তারশীল মস্তিষ্কের ক্যানসার গ্লিওব্লাস্টোমা এবং বিভিন্ন ধরনের মেলানোমা (ত্বকের মারাত্মক ক্যানসার, যার মধ্যে চোখের মেলানোমাও রয়েছে) এর জন্য ভ্যাকসিন তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।
ভোরের আকাশ/হ.র