ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় কাতারের আমিরের অংশগ্রহণ

দখলদার ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় নিহতদের জানাজায় যোগ দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানী দোহায় ইমাম আব্দুল ওয়াহাব মসজিদে অনুষ্ঠিত হয় এ জানাজা।
জানাজায় নামাজে অংশ নেওয়া ছয়জন নিহতের মধ্যে পাঁচজন ফিলিস্তিনি। তাদের মরদেহ ফিলিস্তিনের পতাকায় আচ্ছাদিত ছিল। অপর নিহত ব্যক্তি কাতার সেনাবাহিনীর সদস্য কর্পোরাল বদর সাদ মোহাম্মদ আল-হুমাইদি আল দোসারি। তার মরদেহ কাতারের পতাকায় মোড়ানো হয়। নিহতদের মিসাইমির কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ৯ সেপ্টেম্বর ইসরায়েলি বিমানবাহিনী হামলা চালায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে। যদিও টার্গেট করা নেতারা বেঁচে যান, তবুও এ হামলায় ছয়জনের মৃত্যু হয়, যার মধ্যে ছিলেন এক কাতারি সেনা সদস্য এবং হামাস নেতা খলিল আল-হায়ার ছেলে। মূল উদ্দেশ্য ছিল খলিল আল-হায়া ও তার সহযোগীদের হত্যা করা।
হামলার পর সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের আমির বলেন, খলিল আল-হায়া নিহত হয়েছেন কি না সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে হামাস-ইসরায়েল সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা নিয়ে নতুন করে ভাবছেন তিনি। দোহায় ইসরায়েলের এই হামলার কারণে ইসরায়েলি জিম্মিদের মুক্তির আশা কার্যত শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: খালিজ টাইমস
ভোরের আকাশ//হ.র