আমিরাত উপকূলে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

হরমুজ প্রণালির কাছে সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে বৃহস্পতিবার (১৪ মে) অজ্ঞাত ব্যক্তিরা একটি জাহাজ জব্দ করেছে জানিয়েছে ইউকে মেরিটাইম এজেন্সি। তারা জাহাজটি এখন ইরানের জলসীমায় নিয়ে যাচ্ছেন। তারা বলেছে, আমিরাতের ফুজাইরাহ থেকে ৭০ কিলোমিটার দূরে নোঙর একটি জাহাজ অজ্ঞাত ব্যক্তিরা জব্দ করেছে। এটি ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর এবং সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালিতে একাধিক জাহাজ হামলার শিকার হয়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করেছে।
যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশ হরমুজ দিয়ে পরিবহন করা হতো।
দক্ষিণ কোরিয়া জানায় হরমুজে তাদের একটি কার্গো জাহাজে হামলা হয়েছে। পরবর্তীতে কাতার জানায় আমিরাত থেকে তাদের জলসীমায় জাহাজটি আসছিল। তখন এতে ড্রোন হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ আগে হরমুজে একট অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন। তার লক্ষ্য ছিল শক্তি প্রয়োগের মাধ্যমে হরমুজে জাহাজ চালাবেন। তবে সৌদি আরব ও বাহরাইন তাদের আকাশসীমা ও ঘাঁটি মার্কিন সেনাদের জন্য বন্ধ করে দেয়। এতে ট্রাম্পকে তার অভিযান থেকে পিছিয়ে যেতে হয়। সূত্র: এএফপি
ট্রাম্প অবশ্য ওই সময় দাবি করেছিলেন ইরানিদের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি অভিযান স্থগিত করেছেন।
ভোরের আকাশ/সু.পা