হরমুজ প্রণালি ৩০ দিন ইরানের নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি

হরমুজ প্রণালিতে জাহাজে হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পরপর দুই দিন জাহাজে হামলার অভিযোগে ইরানের বিভিন্ন স্থানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের পূর্ণ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার (২৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আব্বাস আরাঘচি বলেন, তিনি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন।
তিনি বলেন, ‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের পূর্ণ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে থাকবে। সব ধরনের প্রতিবন্ধকতা দূর করার পর এই নৌপথের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করা হবে। বর্তমানে আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেবল ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর ন্যস্ত। এ কাজে অন্য কোনো দেশ বা পক্ষের সংশ্লিষ্টতা নেই।
তিনি জানান, সমঝোতা স্মারকেও বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তার ভাষ্য, যেকোনো ধরনের হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং প্রণালিটি পুরোপুরি সচল করতে বিলম্ব ঘটাতে পারে।
এদিকে যেকোনো আগ্রাসনের ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তেহরানের ওপর ন্যস্ত রয়েছে। ফলে নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে আগের তুলনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক মার্কিন হামলার মতো যেকোনো অজুহাতে ভবিষ্যতে আগ্রাসন চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে। আইআরজিসির দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন সমঝোতা স্মারকের পরিপন্থি এবং এর ফলে চলমান সব প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান হরমুজ প্রণালি ও এর আশপাশের একাধিক স্থানে হামলা চালিয়েছে। হামলার একটি ভিডিওও প্রকাশ করেছে সংস্থাটি, যেখানে হামলার কিছু অস্পষ্ট দৃশ্য দেখা যায়। এদিকে আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র সর্বশেষ হামলায় তাদের পাঁচটি উপকূলীয় সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে। ফলে হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সূত্র: আল জাজিরা
ভোরের আকাশ/সু.পা