ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে নতুন শুল্ক আরোপ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ভারতের সঙ্গে বাণিজ্যে ‘অবিচার ও বাধা’ তৈরি করার অভিযোগ এনে ট্রাম্প জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ স্যোশাল’–এ প্রকাশিত এক পোস্টে বলেন, “যদিও ভারত যুক্তরাষ্ট্রের বন্ধু, তবুও তারা আমাদের সঙ্গে বাণিজ্যে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করছে। ভারতের শুল্ক অনেক বেশি এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সেখানে অ-শুল্ক বাণিজ্য বাধা সবচেয়ে বেশি।”
তিনি আরও উল্লেখ করেন, “ভারত দীর্ঘদিন ধরে রাশিয়া থেকে সামরিক অস্ত্র ও জ্বালানি কিনছে। তারা রাশিয়ার অন্যতম প্রধান ক্রেতা—বিশ্ব যখন রাশিয়াকে ইউক্রেনে হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছে।”
ট্রাম্প জানান, “এই পরিস্থিতিতে ভারতকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে এবং রাশিয়া থেকে অস্ত্র ও জ্বালানি কেনার জন্য জরিমানা গুণতে হবে।”
এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি না হওয়া পর্যন্ত ভারতের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে সর্বোচ্চ ২৫ শতাংশ করা হতে পারে। বুধবারই তিনি তা বাস্তবায়নের ঘোষণা দেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে অস্থির করে তুলতে পারে এবং দীর্ঘমেয়াদে উভয় পক্ষের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
ভোরের আকাশ//হ.র