আঞ্চলিক উত্তেজনা কমাতে মিসর-ইরানের আলোচনা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানো এবং কূটনৈতিক পথ আবারও সক্রিয় করার বিষয়ে আলোচনা করেছেন মিসর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফোনে আঞ্চলিক পরিস্থিতি এবং উত্তেজনা প্রশমনের উপযোগী পরিবেশ তৈরিতে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।
বিবৃতিতে বলা হয়, আলোচনায় কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার বিষয়টিও গুরুত্ব পায়। এর মধ্যে ওমান ও ইরানের মধ্যে চলমান আলোচনার পথ এবং যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের বাস্তবায়ন আবারও শুরু করার বিষয় রয়েছে।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব উদ্যোগের চূড়ান্ত লক্ষ্য হলো বিভিন্ন পক্ষের উদ্বেগ মোকাবিলা করে একটি সমন্বিত ও টেকসই চুক্তিতে পৌঁছানো এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করা।
আবদেলাত্তি চলমান কূটনৈতিক প্রচেষ্টা ও উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, এর মাধ্যমে বর্তমান উত্তেজনা কমিয়ে শান্তিপূর্ণ সমঝোতায় পৌঁছানো এবং পুরো অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হতে পারে।
সূত্র: আল জাজিরা
ভোরের আকাশ/এনএস