অভিযানে গিয়ে খাদে পড়ে নিহত ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের রাজৌরি জেলায় কথিত সন্ত্রাসবিরোধী অভিযানের সময় গভীর খাদে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ওই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন শেরওয়ালি’ নামে একটি অভিযান পরিচালনা করছে। শনিবার ছিল অভিযানের ১৬তম দিন।
নিহত কর্মকর্তা লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী একটি উঁচু পাহাড়ি এলাকায় দায়িত্ব পালন করছিলেন। সেনাবাহিনীর সূত্র অনুযায়ী, পাহাড়ের কিনারায় অবস্থানকালে তার পা পিছলে যায় এবং তিনি পাশের গভীর খাদে পড়ে যান। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হলেও গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়।
লেফটেন্যান্ট গোস্বামী ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পসে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে কর্পসটি গভীর শোক প্রকাশ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হোয়াইট নাইট কর্পস জানায়, “প্রতিকূল আবহাওয়া, খাড়া পাহাড় এবং দুর্গম এলাকায় অপারেশনাল দায়িত্ব পালনকালে লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী অকাল মৃত্যুবরণ করেছেন। দেশের প্রতি তার সর্বোচ্চ আত্মত্যাগে হোয়াইট নাইট কর্পস এবং এর সব সদস্য গভীর শোক প্রকাশ করছে।”
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তার মরদেহ রোববার জম্মুর বিমানবাহিনী ঘাঁটিতে আনা হবে। সেখানে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।
কাদের বিরুদ্ধে চলছে অপারেশন শেরওয়ালি?
গত মে মাসের শেষ দিকে রাজৌরির দোরিমাল-গম্ভির মুঘালান বেল্টের গভীর বনাঞ্চলে ‘অপারেশন শেরওয়ালি’ শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। তাদের দাবি, ওই এলাকায় দুই থেকে তিনজন সশস্ত্র যোদ্ধা অবস্থান করছেন, যাদের মধ্যে পাকিস্তানি নাগরিকও থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, সন্দেহভাজনদের মধ্যে ‘ফুজি’ নামে পরিচিত এক শীর্ষ কমান্ডারও রয়েছেন। তাকে গ্রেপ্তার বা নিষ্ক্রিয় করার লক্ষ্যেই অভিযান চালানো হচ্ছে বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: এনডিটিভি
ভোরের আকাশ/সু.পা