ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম, ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো ঘোষণা করেছেন, চলতি মাসের শেষ দিকে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে দেশটি। একই সঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ১২টি নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
মঙ্গলবার ভোরে প্রেভো এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “ফিলিস্তিনকে জাতিসংঘ অধিবেশনে বেলজিয়াম স্বীকৃতি দেবে! এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।”
প্রস্তাবিত নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্যের আমদানি বন্ধ এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতিমালা পুনর্মূল্যায়ন।
ম্যাক্সিম প্রেভো, যিনি বেলজিয়ামের মধ্যপন্থী খ্রিস্টান ডেমোক্র্যাট পার্টির সদস্য এবং দেশের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করছেন, জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত মূলত গাজায় চলমান মানবিক সংকট এবং পরিস্থিতির গুরুত্বের প্রেক্ষিতে নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেছেন, বন্দিদের মুক্তি এবং ফিলিস্তিন পরিচালনায় হামাসের কোনো ভূমিকা না থাকার শর্ত পূরণ হলে স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
ভোরের আকাশ//হ.র