গাজা সংকটের পুনরাবৃত্তি ঠেকাতে ইসরায়েলকে স্লোভাকিয়া ও স্পেনের বার্তা

লেবাননকে আরেকটি গাজাতে পরিণত হতে দেওয়া যাবে না বলে সতর্ক করেছে স্লোভাকিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসআরের বরাতে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তির প্রতি সম্মান জানিয়ে তা মেনে চলতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউরাই ব্লানার।
ব্রাতিস্লাভায় স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ব্লানার বলেন, গাজা উপত্যকাসহ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং ইরানকে ঘিরে উত্তেজনা নিরসনে সামরিক পদক্ষেপ নয়, কূটনৈতিক সমাধানই সবচেয়ে কার্যকর পথ।
তিনি বলেন, ‘আমরা চাই না লেবানন গাজার মতো পরিস্থিতির মুখোমুখি হোক। সে কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিগুলো ইসরায়েলেরও সম্মান করা প্রয়োজন।’
ব্লানারের ভাষ্য, আন্তর্জাতিক সংকট মোকাবিলায় স্লোভাকিয়া ও স্পেনের অবস্থান অভিন্ন। উভয় দেশই কূটনীতি, সংলাপ এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
এদিকে সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিয়েছে, তাদের নাগরিকরা আবারও লেবাননে ভ্রমণ করতে পারবেন। এর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে আরোপিত প্রায় দুই মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।
তবে লেবাননে ভ্রমণের আগে আমিরাতি নাগরিকদের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে। গত ৩০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাত ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। একই সঙ্গে ওই দেশগুলোতে অবস্থানরত সব নাগরিককে দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছিল।
ভোরের আকাশ/সু.পা