২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করব

সৌরবিদ্যুৎ উৎপাদনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ ১০ অক্টোবর (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ের সমবায় ভবনে আয়োজিত সভায় তিনি এ কথা জানান।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সরকার এই বিদ্যুৎ কিনতে পারলে বর্তমানে ১৪ হাজার থেকে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার যে ব্যবধান রয়েছে, তা পূরণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারির পর পরিকল্পনাটি সফল হলে দেশে আর লোডশেডিং থাকবে না বলে আশা করছে সরকার।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে। এ সুবিধা ২০২৮ সাল পর্যন্ত বহাল থাকবে। এরপর বিদ্যুতের দাম কমে ইউনিটপ্রতি ৬ থেকে ৭ টাকা হতে পারে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বড় ছাদে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে আয় করা সম্ভব। বিশেষ করে শুক্র ও শনিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সময় উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে দিয়ে বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে।
ভোরের আকাশ/এনএস