চীনের সাফল্য মিথ্যার ওপর প্রতিষ্ঠিত: ম্যাথিউ হেনেসি

চীনের অর্থনৈতিক সাফল্য ও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিয়ে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছেন দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর মতামত বিভাগের লেখক ম্যাথিউ হেনেসি।
‘চীনের সাফল্য মিথ্যার ওপর প্রতিষ্ঠিত’ শিরোনামের এক নিবন্ধে তিনি লিখেছেন, চীনের আধুনিক পরিবহনব্যবস্থা, প্রযুক্তিপণ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিচ্ছন্ন শহর দেখে অনেকের মনে হচ্ছে, দেশটি অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের নেতৃত্বও ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বলে একটি ধারণা তৈরি হয়েছে। তবে হেনেসি এই মূল্যায়নের সঙ্গে একমত নন।
তার মতে, চীনের সাফল্যের যে চিত্র বিশ্বজুড়ে তুলে ধরা হচ্ছে, তার বড় অংশই অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর।
হেনেসি দাবি করেছেন, রাষ্ট্রীয় দমন-পীড়ন, প্রযুক্তি চুরি এবং তথ্যের কারসাজির ওপর নির্ভর করে কোনও দেশের টেকসই সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। চীনের অর্থনীতির বাহ্যিক চিত্র শক্তিশালী মনে হলেও ভেতরে নানা দুর্বলতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং দেশটির মোট দেশজ উৎপাদনের পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তোলেন।
নিবন্ধে স্ট্যানফোর্ডের হুভার ইনস্টিটিউশনের ফেলো আইক ফ্রেইম্যানের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, চীনে বছরের শুরুতেই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন হলে অর্থনৈতিকভাবে অকার্যকর অবকাঠামোও নির্মাণ করা হয় বলে ওই বক্তব্যে তুলে ধরা হয়েছে।
চীনের নকল পণ্য উৎপাদন ও মেধাস্বত্ব লঙ্ঘনের বিষয়টিও নিজের লেখায় সামনে এনেছেন হেনেসি। বেইজিংভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ড্যাক্সু কনসাল্টিংয়ের এক প্রতিবেদনের বরাতে নিবন্ধে বলা হয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষের জব্দ করা নকল ও পাইরেটেড পণ্যের মোট মূল্যের প্রায় ৯০ শতাংশের উৎস ছিল চীন ও হংকং।
লেখকের মতে, যুক্তরাষ্ট্রের শক্তির জায়গা উদ্যোক্তা, উদ্ভাবন ও ব্যক্তিস্বাধীনতা। বিপরীতে চীনে নজরদারি, ভয়ভীতি ও কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ মানুষের স্বাধীনতাকে সীমিত করে রেখেছে বলে তিনি মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও নতুন ধারণা ও প্রতিযোগিতার বিকাশের সুযোগ রয়েছে, যা দীর্ঘ মেয়াদে দেশটিকে এগিয়ে রাখবে বলে নিবন্ধে যুক্তি তুলে ধরা হয়েছে।
তথ্যসূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
ভোরের আকাশ/এনএস