হুথিদের ছোড়া ড্রোন ভূপাতিত করেছে সৌদি, হুথিদের অস্বীকার

মক্কার দিকে উড়ে আসা একটি হুথি ড্রোন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন ইয়েমেন সামরিক জোট। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মক্কার দক্ষিণে ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয়। তবে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সৌদি রয়্যাল এয়ার ডিফেন্স ফোর্স একটি ‘শত্রুতামূলক’ ড্রোন শনাক্ত করে। মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই সেটি প্রতিহত ও ধ্বংস করা হয়।
তুরকি আল-মালকি বলেন, দুই পবিত্র মসজিদ ও সেখানে আগত মুসল্লিদের নিরাপত্তা সৌদি আরবের জন্য ‘রেড লাইন’। এ ধরনের হামলা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
সৌদি জোটের মুখপাত্রের দাবি, মক্কাকে লক্ষ্য করে হুথিদের এমন প্রচেষ্টা এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে সৌদি আরব জানিয়েছিল। সেটিও লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়।
তবে সৌদি আরবের সর্বশেষ অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুথি গোষ্ঠী। তাদের পক্ষ থেকে মক্কা বা অন্য কোনো পবিত্র স্থানে হামলার অভিযোগকে মিথ্যা বলে দাবি করা হয়েছে। হুথিদের বক্তব্য, মক্কাকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি।
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তাইফ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া যায়। এসব হামলায় ১৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।
ইয়েমেনের হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে সংঘাত দীর্ঘদিনের। ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর হুথিরা রাজধানী সানা দখল করলে সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ সালে সামরিক হস্তক্ষেপ করে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও সাম্প্রতিক সময়ে ইয়েমেনে আবার সংঘাত তীব্র হয়েছে।
সাম্প্রতিক উত্তেজনায় হুথিরা ইয়েমেনের পশ্চিম উপকূলে নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে। এর মধ্যে কৌশলগত বাব আল-মানদেব প্রণালির কাছে তাদের অগ্রযাত্রা লোহিত সাগরের বাণিজ্যিক ও জ্বালানি পরিবহন নিয়েও নতুন উদ্বেগ তৈরি করেছে। সূত্র : আলজাজিরা, আনাদোলু এজেন্সি
ভোরের আকাশ/সু.পা