স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৮

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির রাতে নিউইয়র্ক শহরের কোনি আইল্যান্ড এলাকায় বন্দুক হামলায় চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে রোববার এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
এনওয়াইপিডির এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১ স্ট্রিট এলাকায় গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ জানায়, আহতদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী এবং চারজন শিশু রয়েছে। শিশুদের বয়স যথাক্রমে ১৪, ১২, ৭ ও ৬ বছর। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল হলেও ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে হামলার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে এনওয়াইপিডি।
উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্যাপিত হয়। ঐতিহাসিক এ দিবসের উদ্যাপনের মধ্যেই নিউইয়র্কে এ বন্দুক হামলার ঘটনা ঘটল।
ভোরের আকাশ/সু.পা