যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনায় বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের এক ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) এই বৈঠকটি শুরু হয়, যা চলতি বছরের ফেব্রুয়ারি মাসের পর এই তিন দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি মুখোমুখি আলোচনা।
চলতি বছর আবুধাবিতে এটা হবে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফার আলোচনা। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এখানে নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছিল। যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর এটাই প্রথম শান্তি আলোচনা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর রাজনৈতিকভাবে চাপে থাকা ট্রাম্প প্রশাসনের জন্যও এ আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের স্থায়ী অবসান ঘটানোই তাদের লক্ষ্য। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবের অন্যতম অংশ হলো রাশিয়া ও ইউরোপের মধ্যে নতুন একটি দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামো তৈরি করা। তবে এ উদ্যোগ নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ রয়েছে।
ইউরোপীয় কর্মকর্তাদের আশঙ্কা, রাশিয়া পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি কমিয়ে আনার পুরোনো দাবি আবারও তুলতে পারে। এতে রাশিয়ার প্রভাব বিস্তারের ঝুঁকিতে পড়তে পারে ইউরোপের মিত্র দেশগুলো।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরে ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের বিরোধিতা করে আসছেন। পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি কমানো এবং রাশিয়ার সঙ্গে পশ্চিমা সামরিক জোটের শক্তির ভারসাম্য নতুন করে নির্ধারণের দাবি তার পুরোনো অবস্থান। তবে এবারই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রশাসন রাশিয়ার এসব দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার টেবিলে ইউরোপকে রাখতে হবে। এ ছাড়া ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর স্থগিত হয়ে যাওয়া ন্যাটো-রাশিয়া কাউন্সিল আবার চালুর বিষয়টিও বিবেচনা করা হতে পারে। সমঝোতায় পৌঁছাতে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টিও আলোচনায় আসতে পারে।
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ইউক্রেনের জন্য ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের আদলে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়টি রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, জোটের কোনো সদস্য আক্রান্ত হলে সেটিকে সব সদস্যের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হয়।
এক মার্কিন কর্মকর্তা বলেন, প্রস্তাবিত নিরাপত্তা নিশ্চয়তা কার্যত ন্যাটোর নিরাপত্তা ব্যবস্থার কাছাকাছি হবে। তবে এ ধরনের নিশ্চয়তা দিতে হলে যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা, অর্থায়ন ও অন্যান্য সম্পদ সরবরাহের বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে আলোচনা প্রয়োজন হবে।
তবে এ নিরাপত্তা নিশ্চয়তা কী পরিস্থিতিতে কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। তাদের মতে, ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদেও আক্রান্ত সদস্যকে সামরিকভাবে রক্ষার বাধ্যবাধকতা পুরোপুরি নির্দিষ্ট নয়। সাইবার হামলা ও অন্যান্য পরোক্ষ যুদ্ধকৌশলের কারণে কোন পরিস্থিতিতে সামরিক জবাব দেওয়া হবে, তা নির্ধারণ করাও কঠিন।ৎ
ভোরের আকাশ/আ.র