ইরানের হামলায় ৫ শতাধিক মার্কিন সেনা হতাহত: তেহরান

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইরানের পাল্টা হামলায় পাঁচ শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের এক মাসের মাথায় এ দাবি করল তারা।
শনিবার (২৮ মার্চ) ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র এক বিবৃতিতে এমনটি দাবি করেছেন। এ খবর জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
বিবৃতিতে মুখপাত্র বলেন, আমরা আগেই সতর্ক করেছিলাম যে ইরানের সশস্ত্র বাহিনীর চূড়ান্ত হামলা এবং এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়ার কারণে আগ্রাসী মার্কিন সেনাবাহিনী তাদের ঘাঁটি ছেড়ে বাইরে গিয়ে লুকিয়েছে।
তিনি আরও বলেন, গত কয়েক ঘণ্টায় তাদের দুটি গোপন আস্তানা শনাক্ত করা হয়েছে। দুবাইয়ের একটি আস্তানায় ৪০০ জনের বেশি এবং আরেক আস্তানায় ১০০ জনের বেশি সেনা অবস্থান করছিল। ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স এবং নৌবাহিনীর নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুটি আস্তানাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে তাদের ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির সামরিক কর্মকর্তাদের সতর্ক করে মুখপাত্র বলেন, ট্রাম্প ও মার্কিন সেনাপতিদের অবশ্যই বুঝতে হবে যে এই অঞ্চল মার্কিন সৈন্যদের কবরস্থানে পরিণত হবে। ইরানের বীর জনতা এবং ইসলামের সাহসী যোদ্ধাদের ঐশ্বরিক ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হন। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান।
ভোরের আকাশ/নি